Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিরোধীদলীয় ১১ দলীয় ঐক্য জোটের ১৩ জনের মনোনয়নের মধ্যে ১২টি বৈধ ও ১টি আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। সরকারি চাকরির পূর্ণাঙ্গ তথ্য না দেয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) অনুযায়ী, সরকারি চাকরি ছাড়ার তিন বছরের মধ্যে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা বা এই পদে বহালের সুযোগ না থাকলেও শতভাগ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কৃষি ব্যাংক থেকে চাকরি ছাড়ার মাত্র চার মাসের মাথায় নারী আসনের সংসদ সদস্য প্রার্থী হয়েছেন তিনি। তার এই মনোনয়নের বৈধতা নেই বলে মনে করছেন আইনজ্ঞরা।

বিরোধীদলীয় জোট জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন পাচ্ছে ১৩টি। এর মধ্যে জামায়াতের আটজন, এনসিপির দুজন, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে একজন, জাগপা থেকে একজন এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া এক শিশুর মাকে সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এই প্রার্থীরা গতকাল নির্বাচন কমিশনে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর আগে গত সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জোট মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। মনিরা শারমিন ছাড়াও এনসিপির নারীশক্তির সদস্যসচিব মাহমুদা আলমকেও সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে জোট।

এনসিপির নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মনিরা শারমিন ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার জেনারেল পদে নিয়োগ পান। নিয়োগের পর তিনি প্রথমে ব্যাংকের কুষ্টিয়া শাখায় যোগ দেন। চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলি হয়ে রাজধানীর কারওয়ান বাজার করপোরেট কার্যালয়ে আসেন। সেখানে কর্মরত থাকা অবস্থায়ই তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে পড়েন। সর্বশেষ গত বছর ডিসেম্বরে কৃষি ব্যাংক থেকে চাকরি ছেড়েছেন। মনিরা শারমিনের ফেসবুক প্রোফাইলে ১১ নভেম্বর ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কৃষি ব্যাংকের অফিসার হিসেবে চাকরি করার তথ্য রয়েছে।

বার্তা বাজার/এমএমএইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button