Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

চট্টগ্রামে সংঘর্ষ: অস্ত্রের প্রতিবাদে ‘কলম মিছিল’ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদলের সংঘর্ষের প্রতিবাদে এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কলম মিছিল’ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। বুধবার (২২ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা ‘শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলে না’ স্লোগান দেন।

এ সময় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী তোহা বলেন, ‘দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে ছাত্রলীগ প্রতিটি ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছে। বাংলাদেশে তাদের ঠাঁই হয়নি। শিবিরের ভাইদের বলতে চাই গুপ্ত-সুপ্ত সাধারণ শিক্ষার্থী-অসাধারণ শিক্ষার্থী এই খেলা বন্ধ করুন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থী নামে শিক্ষার্থীদের মধ্যে বিভাজন বন্ধ করুন।’

এছাড়াও তিনি ছাত্রদলের উদ্দেশে বলেন, ‘আপনারা ক্ষমতাসীন ছাত্র সংগঠনের ক্ষমতা দেখাতে আসবেন না। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের প্রতিটি ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থী এখন অনেক সচেতন। তারা কোনো অন্যায় মেনে নেয় না এবং শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে সচেষ্ট রয়েছে।’

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল করিম সোহাগ বলেন, ‘চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও শিবির তাদের আধিপত্য বজায় রাখতে যে হামলা করেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই।’ তিনি বলেন, ‘শিবির ও ছাত্রদল তাদের ক্যাডারভিত্তিক রাজনীতি বিস্তার করতে গিয়ে একে অপরের ওপর হামলা করছে এবং সেই হামলার শিকার হচ্ছে সাধারণ শিক্ষার্থীরাও।’

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ রাকিব বলেন, ‘আমরা জুলাই গণঅভ্যুত্থান একসঙ্গে করেছি, একসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছি। আমরা যে ৯ দফা দিয়েছিলাম, তা ছিল প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাভাবিক ও পড়াশোনার পরিবেশ নিশ্চিত করার জন্য।’ এছাড়া শিবির-ছাত্রদল ৯ দফা ভুলে গেছে কিনা সে প্রশ্নও তোলেন তিনি।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button