ভারতকে ‘নরককুণ্ড’ বলায় ট্রাম্পের ওপর ক্ষুব্ধ দিল্লি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
ভারতকে ‘নরক’ (হেলহোল) হিসেবে বর্ণনা করা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করায় ডোনাল্ড ট্রাম্পের তীব্র নিন্দা জানিয়েছে ভারত সরকার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্যকে ‘অনুচিত’ এবং ‘কুরুচিপূর্ণ’ বলে অভিহিত করেছে।
গত বুধবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে রক্ষণশীল পডকাস্ট হোস্ট মাইকেল স্যাভেজের একটি বক্তব্যের অনুলিখন শেয়ার করেন। সেখানে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকারের সমালোচনা করা হয়। ওই পোস্টে কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ করা হয় যে, প্রযুক্তি খাতে ভারতীয় অভিবাসীরা শ্বেতাঙ্গ আমেরিকানদের নিয়োগ দিচ্ছে না। এ ছাড়া ভারতীয়দের ইংরেজি দক্ষতা নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়।
শেয়ার করা ওই পোস্টে বলা হয়, ‘এখানে একটি শিশু জন্ম নিয়েই নাগরিক হয়ে যায় এবং তারপর তারা চীন, ভারত বা পৃথিবীর অন্য কোনো নরক থেকে পুরো পরিবারকে নিয়ে আসে।’
ট্রাম্প এই বক্তব্যের একটি ভিডিও-ও শেয়ার করেছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই মন্তব্যের নিন্দা জানিয়ে বলেন, ‘এসব মন্তব্য স্পষ্টতই তথ্যহীন, অনুচিত এবং কুরুচিপূর্ণ। এটি ভারত-মার্কিন সম্পর্কের প্রকৃত প্রতিফলন নয়, যা দীর্ঘকাল ধরে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।’
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসও এই মন্তব্যকে ‘চরম অপমানজনক ও ভারত-বিরোধী’ বলে আখ্যা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের ভেতরেও এই পোস্ট নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। হিন্দু আমেরিকান ফাউন্ডেশন এটিকে ‘ঘৃণ্য ও বর্ণবাদী’ বলে বর্ণনা করেছে। ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য অমি বেরা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের এই পোস্ট আপত্তিকর ও অজ্ঞতাসূচক, যা তার পদের মর্যাদার সঙ্গে যায় না।’
আগামী মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের কথা রয়েছে। তার আগেই ট্রাম্পের এমন উসকানিমূলক পোস্ট দুই দেশের বন্ধুত্বের মাঝে নতুন করে উত্তেজনা তৈরি করল। রাশিয়ার কাছ থেকে তেল কেনা এবং শুল্ক নিয়ে এমনিতেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে দিল্লির সম্পর্কের কিছুটা টানাপোড়েন চলছিল, যা এই ঘটনায় আরো ঘনীভূত হলো।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: dailyamardesh.com

