ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
খুলনায় পুর্ব শত্রুতার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তেরখাদা এলাকার বাসিন্দা ইকরাম শেখের ছেলে নুর আলম (৫৬) নিহত এবং অন্তত ৪-৫ জন আহত হয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) সকালে জেলার তেরখাদা উপজেলার ৬ নং মধুপুর ইউনিয়নের মধুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির শহিদুল ও সাইফুল গ্রুপের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষের মধ্যে ব্যাপক মারামারি হয়। সংঘর্ষে সাইফুল গ্রুপের নুর আলম (৫৬) নিহত হন। এছাড়া আহতদের মধ্যে রয়েছেন— মো. হিজমুল্লাহ সোহেল রানা (৪০), নূরের শেখ (৫৫), মুসা শেখ, মফিজুর রহমান (৪৫) ও আলী হুসাইন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের দাবি, বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম সমর্থিত গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্রসহ প্রতিপক্ষের ওপর হামলা চালায়। হামলায় আহাদুল (৩০), সাইফুল (৩৫), আরিফ (২৬) ও রিয়াজ (২৮)সহ ২০-২৫ জন অংশ নেয় বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বিএনপি নেতাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বিএনপির দুই গ্রুপ শহিদুল ও সাইফুল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাইফুল গ্রুপের একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বার্তা বাজার/এমএমএইচ
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

