নোবেলজয়ীদের ঘোষণাপত্রে সই করলেন ড. ইউনূস

ভ্যাটিকানে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক যুদ্ধবিষয়ক ‘গ্লোবাল নোবেল লরিয়েটস অ্যাসেম্বলি’তে অংশ নিয়ে ‘সন্ধিক্ষণে মানবজাতি’ শীর্ষক যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিন দিনব্যাপী এ সম্মেলন গত ১৬ জুলাই ইতালির রোমের ক্যাপিটোলাইন হিলে ঘোষণাপত্রে স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হয়।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভ্যাটিকানের কাস্তেল গানদোলফোতে অবস্থিত বর্গো লাউদাতো সি’-তে বক্তব্য রাখেন ড. ইউনূস। এতে সাবেক ইতালীয় প্রধানমন্ত্রী রোমানো প্রোদি, নোবেলজয়ী জোডি উইলিয়ামস, মারিয়া রেসা, ডেনিস মুকওয়েগে ও হুয়ান ম্যানুয়েল সান্তোসসহ বিশ্বের বিভিন্ন নোবেল বিজয়ী অংশ নেন এবং যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।
ঘোষণাপত্রে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারমাণবিক অস্ত্রের সমন্বয় মানবজাতির ভবিষ্যতের জন্য এক অভূতপূর্ব ঝুঁকি তৈরি করছে। এতে সতর্ক করা হয়, বিশ্ব এমন এক এআই-নির্ভর অস্ত্র প্রতিযোগিতার দিকে এগোচ্ছে, যা বিদ্যমান পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতাকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। অতীতের ভুল থেকে শিক্ষা না নিলে ভয়াবহ পরিণতির আশঙ্কাও তুলে ধরা হয়।
এতে আরও উল্লেখ করা হয়, পারমাণবিক কমান্ড ব্যবস্থায় মানুষের সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা কমিয়ে দিচ্ছে এআই, গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে সাইবার হুমকি বাড়াচ্ছে এবং তথ্যযুদ্ধকে উৎসাহিত করে আন্তর্জাতিক শান্তির জন্য প্রয়োজনীয় পারস্পরিক আস্থাকে দুর্বল করছে।
সম্মেলনে আরও বক্তব্য দেন বর্গো লাউদাতো সি’-এর সভাপতি কার্ডিনাল ফাবিও বাজ্জিও, ডিকাস্টারি ফর দ্য ইনস্টিটিউটস অব কনসেক্রেটেড লাইফ অ্যান্ড সোসাইটিজ অব অ্যাপোস্টলিক লাইফ-এর প্রো-প্রিফেক্ট কার্ডিনাল অ্যাঞ্জেল ফার্নান্দেজ আরতিমে এবং গ্লোবাল নোবেল লরিয়েটস অ্যাসেম্বলির সভাপতি ও ডোমুস কমিউনিস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এমেরিটাস কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টস-এর সায়েন্স অ্যান্ড সিকিউরিটি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড্যানিয়েল হোলজ, পন্টিফিক্যাল অ্যাকাডেমিজ অব সায়েন্সেস-এর চ্যান্সেলর কার্ডিনাল পিটার টার্কসনসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা।
রোববার ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
source: Azadir Dak

