বিশ্ব

এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালেন ইসরাইলপন্থি জেলেনস্কি

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরানের অভিযোগ, হামলায় তাদের একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। এ ঘটনার পর তেহরান ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে হামলাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক’ বলে আখ্যা দিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাস্পিয়ান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার মাধ্যমে ইউক্রেন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। তেহরানের দাবি, এই ঘটনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে আরো বিস্তৃত করার ঝুঁকি তৈরি করেছে এবং ইরান তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে দাবি করেন, ইউক্রেনের দূরপাল্লার হামলায় কাস্পিয়ান সাগরে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক মালামাল বহনকারী জাহাজ এবং একটি রুশ যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে তিনি ক্ষতিগ্রস্ত ইরানি জাহাজটির নাম প্রকাশ করেননি।

জেলেনস্কি আরো অভিযোগ করেন, রাশিয়া ইরানকে উপসাগরীয় অঞ্চল ও মার্কিন সামরিক ঘাঁটি সম্পর্কিত স্যাটেলাইট গোয়েন্দা তথ্য সরবরাহ করছে, যা পরবর্তীতে ইরানের সামরিক অভিযানে ব্যবহার করা হচ্ছে। তিনি জানান, ইউক্রেন এসব তথ্য তাদের আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গেও ভাগাভাগি করবে।

কেন মুখোমুখি ইরান ও ইউক্রেন?

২০২২ সালে রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহের পর থেকেই তেহরান ও কিয়েভের সম্পর্ক দ্রুত অবনতির দিকে যায়। ইউক্রেনের অভিযোগ, রাশিয়া ইরানি নকশার ড্রোন ব্যবহার করে তাদের বিভিন্ন শহরে হাজার হাজার হামলা চালিয়েছে। কিয়েভের দাবি, পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে তারা ৪৪ হাজারেরও বেশি ইরানি নকশার ড্রোন ভূপাতিত করেছে।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button