বিশ্ব

চাপের মুখে পিছু হটছেন শুভেন্দু

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের পথে হাঁটতে পারে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। আসাম ও বিহার সরকার ইতোমধ্যে এ ধরনের সব মামলা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর এবার পশ্চিমবঙ্গেও একই ধরনের প্রজ্ঞাপন জারি হতে পারে বলে রাজ্য সচিবালয়ের উচ্চপদস্থ সূত্রে জানা গেছে।

গত শুক্রবার কলকাতার এসপ্ল্যানেডে বামপন্থী ছাত্র সংগঠনের ডাকা সমাবেশে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে সহিংসতার ঘটনা ঘটে। আন্দোলনকারীরা প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়েছিলেন।

সোমবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে সিজেপি জানায়, কেন্দ্রের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মুক্তি এবং দায়ের করা এফআইআর প্রত্যাহার না হলে দলটি আবারো আন্দোলনে নামতে বাধ্য হবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ ও বিহারে আন্দোলনকারীদের গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে দলটি। এছাড়া মামলায় অভিযুক্তদের আইনি সহায়তা দিতে দেশজুড়ে আইনজীবীদের নিবন্ধনের জন্য একটি ওয়েবসাইট চালুর ঘোষণা দেওয়া হয়। এই উদ্যোগে জ্যেষ্ঠ আইনজীবী কপিল সিব্বল পরামর্শকের ভূমিকা পালন করবেন।

এর কয়েক ঘণ্টার মধ্যেই আসাম ও বিহার সরকার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে শুক্রবারের বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের ঘোষণা দেয়। তবে পশ্চিমবঙ্গ সরকার এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। যদিও সচিবালয়ের সূত্র বলছে, সোমবারই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button