ভারতজুড়ে প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর ক্র্যাকডাউন

পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে চলমান আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দেশজুড়ে দমন-পীড়ন অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ)। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এমন আশ্বাস দেওয়া হলেও বাস্তবে গ্রেপ্তার, আটক ও পুলিশি হয়রানি অব্যাহত রয়েছে বলে দাবি সংগঠনটির।
মঙ্গলবার দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এআইএসএ নেতারা বলেন, বিশেষ করে বিহার ও দিল্লিসহ বিভিন্ন রাজ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশি অভিযান চলছে। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং অনেককে ইচ্ছামতো আটক করা হচ্ছে। দিল্লি, আসাম, পশ্চিমবঙ্গ ও বিহারে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও তারা দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এআইএসএ-এর জাতীয় সভাপতি নেহা, দিল্লি বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদক অঞ্জলি, আন্দোলনের স্বেচ্ছাসেবক এম জুনায়েদ এবং অবৈধ আটকের বিরুদ্ধে গঠিত আইনি দলের আইনজীবী মানিক গুপ্ত।
এআইএসএ-এর জাতীয় সভাপতি নেহা বলেন, শান্তিপূর্ণভাবে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দমন-পীড়ন হবে না বলে আমাদের আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু বাস্তবে আমরা দেশজুড়ে শিক্ষার্থীদের গ্রেপ্তার, নির্বিচারে আটক এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনা দেখছি। সরকারকে অবশ্যই তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে, আটক ব্যক্তিদের মুক্তি দিতে হবে এবং শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়ে সংলাপে বসতে হবে।
source: Daily Amar Desh