বিশ্ব

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপে মার্কিন সিনেটে বিল পাস

রাশিয়াকে চাপে ফেলেতে একটি গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা বিল পাস করেছে মার্কিন সিনেট। এর ফলে নতুন করে উদ্বেগে পড়েছে ভারত। কারণ, এই বিল কার্যকর হলে রাশিয়া থেকে জ্বালানি আমদানি করা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ তৈরি হতে পারে। রাশিয়ার অপরিশোধিত তেলের অন্যতম বড় ক্রেতা হওয়ায় ভারতের ওপরও এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরো অর্থনৈতিক চাপ সৃষ্টি করতেই এই বিল আনা হয়। মার্কিন সেনেটে বিলটি ৮৬-১২ ভোটে পাস হয়।

বিলটির খসড়া তৈরি করেছিলেন প্রয়াত মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম। এতে রাশিয়ার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞার পাশাপাশি রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীল দেশগুলোর বিরুদ্ধে কঠোর বাণিজ্যিক পদক্ষেপের সুযোগ রাখা হয়েছে। এই তালিকায় ভারতের পাশাপাশি রয়েছে চিন, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও আজারবাইজান।

বর্তমানে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে চিনের পরেই ভারতের স্থান। বিশেষজ্ঞদের মতে, যদি এই বিলের আওতায় ভারতের ওপর ১০০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়, তাহলে ভারতের রপ্তানি এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ওপর তার প্রভাব পড়তে পারে।

এই বিল এমন সময় পাস হলো, যখন পশ্চিম এশিয়ার অস্থিরতার কারণে ভারতের রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা বেড়েছে। ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় উপসাগরীয় দেশগুলো থেকে তেল সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। একসময় ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৪০ শতাংশ উপসাগরীয় অঞ্চল থেকে আসত। সেই সরবরাহ ব্যাহত হওয়ায় ভারতীয় তেল শোধনাগারগুলো বিকল্প হিসেবে রাশিয়ার তেলের ওপর বেশি নির্ভর করতে শুরু করে।

মার্কিন সেনেটর রিচার্ড ব্লুমেনথাল আগে জানিয়েছিলেন, কোনো দেশ যদি রাশিয়ার মোট গ্যাস রপ্তানির ১৫ শতাংশের কম কেনে, তাহলে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার সুযোগ থাকতে পারে। এই বিধান মূলত কয়েকটি ইউরোপীয় মিত্র দেশের কথা মাথায় রেখেই রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে।

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে একটি বড় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। এই অবস্থায় ভারতের ওপর নতুন শুল্ক আরোপ হলে সেই আলোচনাও প্রভাবিত হতে পারে। দুই দেশের সম্পর্কেও নতুন করে চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরএ

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button