অমিত শাহকে বরখাস্ত করুন, মোদিকে রাহুল

ভারতে শিক্ষার্থী বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করে তাকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে ২০ জুলাইয়ের ঘটনায় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে স্বাধীন তদন্তের আহ্বান জানান তিনি।
বুধবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী অভিযোগ করেন, শিক্ষার্থীদের ওপর পেলেট গান, লাঠিচার্জ এবং নির্যাতনের নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দাবি, যদি শাহ এ ধরনের নির্দেশ দিয়ে থাকেন, তবে তিনি দায়ী; আর যদি কিছুই না জেনে থাকেন, তবে তিনি দায়িত্ব পালনে ব্যর্থ। উভয় ক্ষেত্রেই তার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন কংগ্রেস নেতা।
এর আগে একই দিন লোকসভায় পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে আলোচনার সময় রাহুল গান্ধী দাবি করেন, শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন অমিত শাহ। এ বক্তব্যকে কেন্দ্র করে ক্ষমতাসীন সদস্যদের তীব্র প্রতিবাদের মুখে অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে এবং তার কাছে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে রাহুল বলেন, দিল্লি পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) উভয় বাহিনীই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন এবং তাদের কর্মকাণ্ডের দায় স্বরাষ্ট্রমন্ত্রীর ওপরই বর্তায়।
source: Daily Amar Desh