জুলাই গণহত্যার বিচার চান শহীদ ফাইয়াজের বাবা

গণতন্ত্র রক্ষা, ফ্যাসিবাদ নির্মূল ও সংবিধান সংস্কারের দাবিতে ২০২৪ সালে আমাদের সন্তানরা যে আত্মত্যাগ করেছিল, তার যথাযথ মূল্যায়ন হয়নি। জুলাই সনদ বাস্তবায়িত হয়নি, আর সন্তান হত্যার বিচারও মেলেনি। তাই বুকের ভেতরের রক্তক্ষরণ থামছে না। জুলাই মাস এলেই সেই স্মৃতিগুলো আমাদের কষ্ট আরো বাড়িয়ে দেয়। এভাবেই নিজের মনের আহাজারি আমার দেশ-এর কাছে তুলে ধরেন জুলাই বিপ্লবের শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম।
ছেলের হত্যাকাণ্ডের ঘটনায় শহিদুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৪ জনের বিরুদ্ধে হত্যা ও গণহত্যার অভিযোগ দায়ের করেন। অভিযোগে তৎকালীন সরকারের কয়েকজন মন্ত্রী, রাজনৈতিক নেতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নামও উল্লেখ করা হয়।
সন্তান হত্যার বিচার দাবি করে শহিদুল ইসলাম বলেন, জনগণের রায় বাস্তবায়ন না হলে রাষ্ট্র আবারও সংকটে পড়বে। আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই।
২০২৪ সালের ১৮ জুলাই ধানমন্ডির পুরোনো ২৭ নম্বর রোডে রাপা প্লাজা ও জেনেটিক প্লাজার মধ্যবর্তী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহানুল ইসলাম ভূঁইয়া (ফারহান ফাইয়াজ) পুলিশ ও ছাত্রলীগের হামলায় বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। মাত্র ১৭ বছর বয়সে প্রাণ হারানো এই শিক্ষার্থী জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম কনিষ্ঠ শহীদ হিসেবে পরিচিতি পান।
source: Daily Amar Desh