ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

ঢাকা কলেজ ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেকের ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসে মিছিল করেন ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
ঢাকা কলেজ ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গ্যালারি-২–এ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।
এ অনুষ্ঠানের সাজসজ্জার কাজ চলাকালে অফিস সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে কয়েকজন কর্মী দায়িত্ব পালন করছিলেন। এ সময় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী এসে অতর্কিত হামলা চালিয়ে আব্দুল মালেকসহ কয়েকজনকে মারধর করেন।
তার দাবি, হামলায় আব্দুল মালেকের মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেন, সকাল থেকে ক্যাম্পাসে নিয়মিত ক্লাস ও পরীক্ষা চলছিল। ছাত্রদলের একটি মিছিলকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও বড় ধরনের সংঘর্ষের কোনো তথ্য তার কাছে নেই। তবে ইসলামী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীকে ছাত্রলীগের কর্মী সন্দেহে মারধরের অভিযোগ পাওয়া গেছে বলেও তিনি জানান।
source: Azadir Dak