তসলিমা নাসরিন দেশে ফিরলে আইনি ব্যবস্থা নিতে পারবেন: তথ্য উপদেষ্টা

ভারতের আশ্রয়ে থাকা বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন দেশে ফিরে তার ওপর নির্যাতনকারী কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি আইনে অভিযোগ দায়ের করতে পারেন। এটি তার আইনগত ও সাংবিধানিক অধিকার। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।
দেশের খ্যাতনামা কবি, সাহিত্যিক, বামপন্থী বুদ্ধিজীবী ও বিজ্ঞানমনস্ক সাংবাদিকদের কয়েকজনের নাম উল্লেখ করে তাদের মাধ্যমে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলে বিতর্কিত লেখিকা তসলিমা তার একটি বইয়ে উল্লেখ করেছেন। তারা তাকে দেশে ফিরতে বাধা দিচ্ছে বলে অভিযোগও করেছেন তিনি। এ বিষয়ে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, তিনি (তসলিমা নাসরিন যদি দেশে এসে এসব বিষয়ে আইনের আশ্রয় নেন তাহলে আইন স্বাভাবিক গতিতেইে আদালত তা বিবেচনা করবে। কারণ ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না।
উপদেষ্টা বলেন, উনি (তসলিমা নাসরিন) যেহেতু ভুক্তভোগী তিনি যদি মনে করেন দেশে ফিরে যাদের নামে তিনি অভিযোগ এনেছেন তাদের বিরুদ্ধে আদালতে যাবেন তাহলে সেটা তিনি যেতে পারেন। সেটা একান্তই তার নিজস্ব বিষয়।
প্রসঙ্গত, তসলিমা নাসরিনের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘ক’ যা ভারতে ‘দ্বিখণ্ডিত’ নামে প্রকাশিত হয়েছে। এ বইয়ে তিনি ইমদাদুল হক মিলন ও সৈয়দ শামসুল হকের সাথে তাঁর ব্যক্তিগত ও ঘনিষ্ঠ সম্পর্কের বিভিন্ন অন্তরঙ্গ ও খোলামেলা বিবরণের পাশাপাশি তাদের দ্বারা যৌন নিপীড়নের বিবরণ তুলে ধরেছেন।
বইটিতে ইমদাদুল হক মিলনের সাথে লেখকের ঘনিষ্ঠতা এবং ব্যক্তিগত সম্পর্কের বিভিন্ন স্মৃতিচারণ ও শারীরিক সম্পর্কের ইঙ্গিতপূর্ণ বর্ণনা দেওয়া হয়েছে। কবি সৈয়দ শামসুল হক সম্পর্কে একটি গোপন সম্পর্কের কথা উল্লেখ করার কারণে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তসলিমা নাসরিনের বিরুদ্ধে মানহানির মামলা করেন।
source: Daily Amar Desh