হালনাগাদে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন বলে জানিয়েছে ইসি।
রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ৩১ জুলাই পর্যন্ত দেশের মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ভোটারের সংখ্যা বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন।
ইসি সচিব বলেন, এই ভোটার তালিকা দিয়েই আপাতত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের তারিখ পরিবর্তন হলে কমিশন পরবর্তী সময়ে অন্য কোনো সিদ্ধান্ত নিলে বর্তমান তালিকাটি সম্পূরক তালিকা হিসেবে আসতে পারে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি আজ আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তিনি জানান, নির্বাচনসংক্রান্ত আইন সংশোধনের বিষয়টি এখনো পাঠানো হয়নি। এ সংক্রান্ত নথি প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া শেষ হলে সেটিও আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, রোববার থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে।
তিনি জানান, বিএনপির একটি প্রতিনিধি দল রোববার সকালে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এখন পর্যন্ত অন্য কোনো দল বা প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি। বিএনপি দুটি মনোনয়নপত্র নিয়েছে।
source: Asia Post