অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

যশোরের বাঘারপাড়া থেকে অপহৃত ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ উদ্ধার করেছে। একইসঙ্গে এ ঘটনায় জড়িত মূল অভিযুক্ত রাজীব হোসেন (১৯)-কে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাথী খাতুন (১৪) বাঘারপাড়া থানার জহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়া-আসার পথে অভিযুক্ত রাজীব হোসেন তাকে প্রায়ই উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাকে অপহরণের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
এরই ধারাবাহিকতায় গত ২ আগস্ট ২০২৬ সকাল সাড়ে ১০টার দিকে সাথী স্কুলে যাওয়ার পথে কালীগঞ্জ থানাধীন দামোদরপুর বাজারে আব্দুস সালামের জুতার দোকানের সামনে পৌঁছালে রাজীব মোটরসাইকেলে করে জোরপূর্বক তাকে তুলে নিয়ে বাঘারপাড়ার দিকে চলে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ভুক্তভোগীর মা মোছা. নুর জাহান খাতুন (৩২) কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি অভিযানকারী দল আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের মাধ্যমে অভিযান পরিচালনা করে অভিযুক্ত রাজীব হোসেনকে গ্রেপ্তার করে। একই অভিযানে অপহৃত স্কুলছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাজীব হোসেন বাঘারপাড়া উপজেলার বনগ্রাম এলাকার মো. হাসান আলীর ছেলে। তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
source: The Daily Campus