News

শেখ হাসিনাসহ পলাতকদের প্রত্যর্পণে ভারতীয় কর্তৃপক্ষের উত্তর চায় বাংলাদেশ

পররাষ্ট্র মন্ত্রণালয়© সংগৃহীত
শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণে ভারতীয় কর্তৃপক্ষের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার গত ৫ আগস্ট নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে অংশগ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
 
আজ রবিবার (১৬ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এমন মন্তব্য করেছে। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা গত কয়েক সপ্তাহ ধরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে পারস্পরিক যোগাযোগ করে আসছেন।
 
বাংলাদেশ আরও জানায়, কিন্তু গত ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য সংবাদমাধ্যমের সঙ্গে বক্তব্য-বিনিময়ের ঘটনায় এই প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি দণ্ডিত হয়েছেন। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ইতিমধ্যেই স্পষ্ট করা হয়েছে।
 
বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, আমরা মনে করি, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য একটি অনুকূল ও ইতিবাচক পরিবেশ তৈরি করা প্রয়োজন। এ লক্ষ্যে আমরা ভারতীয় কর্তৃপক্ষের কাছে দ্রুত শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক আসামিদের বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে আমাদের অনুরোধ বাস্তবায়নের আহ্বান জানিয়েছি।
 
বাংলাদেশ আরও জানায়, পাশাপাশি, আমাদের দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত হত্যাকারীদেরও বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানিয়েছি। আমরা এখন ভারতীয় কর্তৃপক্ষের জবাবের অপেক্ষায় আছি।
 
আমরা আবারও স্পষ্ট করছি যে, আমাদের ‘বাংলাদেশ ফার্স্ট’ (বাংলাদেশ প্রথম) নীতি অব্যাহত থাকবে। এই নীতির ভিত্তিতে প্রতিবেশীসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে চাই—যার মূল ভিত্তি হবে সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থ ও কল্যাণ।
 
 

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button