সর্বশেষ

প্রথম স্ত্রীকে ভরণপোষণ দেওয়ায় স্বামীকে হত্যা, দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় পিকআপচালক মো. ইব্রাহীম (৩০) হত্যা মামলার প্রধান আসামি ও তার দ্বিতীয় স্ত্রী রেহেনা আক্তারকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

সোমবার (৩ আগস্ট) সকালে র‌্যাব-১১ কুমিল্লা কোম্পানি অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‌্যাব জানায়, গত ১২ জুলাই বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে ইব্রাহীমের মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের বাবা বাদী হয়ে ১৪ জুলাই বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহার অনুযায়ী, ইব্রাহীম পেশায় একজন পিকআপচালক ছিলেন। পাঁচ থেকে ছয় মাস আগে তিনি দ্বিতীয় স্ত্রী রেহেনাকে নিয়ে ওই বাসায় বসবাস শুরু করেন। তার প্রথম স্ত্রী ও সন্তানরা গ্রামের বাড়িতে থাকলেও তিনি নিয়মিত তাদের ভরণপোষণের খরচ দিতেন। এ বিষয়টি নিয়ে দ্বিতীয় স্ত্রী রেহেনার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।

অভিযোগে বলা হয়, ৯ জুলাই থেকে ১২ জুলাইয়ের মধ্যে কোনো এক সময় রেহেনা আক্তার অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় ইব্রাহীমকে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করার উদ্দেশ্যে মরদেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে যান।

র‌্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২ আগস্ট বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের দাবারগাঁও এলাকায় অভিযান চালিয়ে রেহেনা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার বুড়িচং থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

source: Azadir Dak

Back to top button