News

হুথিদের বিরুদ্ধে যুদ্ধবিমান ব্যবহারের অভিযোগ অস্বীকার করল পাকিস্তান

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে চলমান অভিযানে পাকিস্তানের বিমানবাহিনীর যুদ্ধবিমান ব্যবহারের অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে নাকচ করেছে পাকিস্তান সরকার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে পাকিস্তানি যুদ্ধবিমান ব্যবহারের যে দাবি করা হয়েছে, তা ভিত্তিহীন।

বিবৃতিতে আন্তর্জাতিক গণমাধ্যমকে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তানি সশস্ত্র বাহিনীর সম্ভাব্য মোতায়েন নিয়ে অনুমাননির্ভর বা কাল্পনিক সংবাদ প্রকাশ না করার আহ্বান জানানো হয়েছে।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় বলেছে, ভবিষ্যতে এ ধরনের কোনো সেনা মোতায়েন বা সামরিক পদক্ষেপের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তা জানাবে এবং বিস্তারিত তথ্য প্রকাশ করবে।নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে একজন জ্যেষ্ঠ পাকিস্তানি সামরিক কর্মকর্তার বরাত দিয়ে দাবি করা হয়েছিল, হুথিদের বিরুদ্ধে অভিযানে পাকিস্তানের বিমানবাহিনীর যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে। প্রতিবেদনে সাবেক মার্কিন সেনা কর্মকর্তা কর্নেল ডেভিড ও. স্মিথের বক্তব্যও তুলে ধরা হয়।ডেভিড ও. স্মিথ একসময় পাকিস্তানে মার্কিন সামরিক অ্যাটাচি এবং ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির জ্যেষ্ঠ বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বুধবার তিনি বলেন, কোনো গোপন তথ্যের ওপর তার প্রবেশাধিকার নেই। তবে বিশ্লেষকদের মধ্যে সাধারণভাবে ধারণা রয়েছে, প্রায় ৮ হাজার পাকিস্তানি সেনা সৌদি আরবে অবস্থান করছে।

তবে পাকিস্তান সরকার সৌদি আরবে সেনা অবস্থান এবং হুথিদের বিরুদ্ধে অভিযানে পাকিস্তানি বাহিনীর অংশগ্রহণ-এ দুটি বিষয়কে এক করে দেখার বিরুদ্ধে সতর্ক করেছে।

এআর

source: Barta Bazar

Leave a Reply

Back to top button