News

২১ ঘণ্টা পর ছাড়া পেল সেই মাহদীসহ তিনজন

হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে আটক হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজনকে প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় ছেড়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া অপর দুজন হলেন মীর্জা সুমন ও রাজু।

সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে হবিগঞ্জে একটি বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সোমবার বিকেল পাঁচটার দিকে মিছিলের প্রস্তুতিকালে পুলিশ মাহদী হাসানসহ তিনজনকে আটক করে সদর মডেল থানায় নিয়ে যায়।

আটকের পর তাদের দীর্ঘ সময় থানায় রাখার বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও উদ্বেগ দেখা দেয়। তাঁদের খোঁজ নিতে ঢাকা থেকে হবিগঞ্জে আসেন ফারজানা আহমেদ। তিনি জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব।

পরে মঙ্গলবার দুপুরে মুচলেকা নিয়ে মাহদী হাসান, মীর্জা সুমন ও রাজুকে ছেড়ে দেওয়া হয়।

তবে তাদের আটকের কারণ, থানায় প্রায় ২১ ঘণ্টা রাখার বিষয় এবং তাঁদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না এসব বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button