News
এমপি গাজী নজরুল হৃদরোগে আক্রান্ত, রাজধানীর হার্ট ফাউন্ডেশনে ভর্তি

সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে যাওয়ার পথে হঠাৎ বুকে অস্বস্তি অনুভব করায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার পারিবারিক সূত্র আরো জানান, গাজী নজরুল ইসলাম দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন এবং হৃদযন্ত্রে (হার্ট) দুটি রিং পরানো রয়েছে। গত চার দিন ধরে তিনি বুকে অস্বস্তি অনুভব করছিলেন।
হাসপাতালের বহির্বিভাগের প্রেসক্রিপশন অনুযায়ী, গতকাল দুপুর ডা. রাহাতুল ইসলামের তত্ত্বাবধানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে প্রয়োজনীয় প্রাথমিক শারীরিক পরীক্ষা ও ইসিজি সম্পন্ন করা হয়। বর্তমানে তিনি ডা. মোহাম্মদ বদিউজ্জামানের তত্ত্বাবধানে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার পূর্বের হৃদরোগের ইতিহাস বিবেচনায় রেখে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।
গাজী নজরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
source: Azadir Dak