News

মেডিকেল টেকনোলজিস্টদের ১০ম গ্রেডের দাবি পূরণে চেষ্টা করব: ডোনার

মেডিকেল টেকনোলজিস্টদের ১০ম গ্রেডে উন্নীত করার দাবি পূরণে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

মঙ্গলবার ‘চিকিৎসাসেবায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ভূমিকা ও গুরুত্ব’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশ্বাস দেন।

ফরহাদ হালিম বলেন, মেডিকেল টেকনোলজিস্টরা শুধু রোগ নির্ণয়ের কাজই করেন না, অনেক সময় চিকিৎসাসেবাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে করোনা মহামারির সময় তাঁরা পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি রোগীদের ওষুধ পৌঁছে দেওয়ার কাজও করেছেন। বিএনপির কাছে মেডিকেল টেকনোলজিস্টদের আলাদা গুরুত্ব রয়েছে।

তিনি আরও বলেন, “আপনাদের মূল দাবি ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা। পাশাপাশি নিয়োগ বিধিমালা নিয়েও সতর্ক থাকতে হবে, যাতে কোনো ভুল সিদ্ধান্ত আপনাদের বিপক্ষে না যায়। গত ১৭ বছর আপনাদের পদোন্নতি দেওয়া হয়নি। এখন অনেকের বয়স হয়ে গেছে। তাই বিশেষ নিয়োগের দাবিটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।”

স্বাস্থ্য খাতের যন্ত্রপাতির সঠিক ব্যবহারের ওপর জোর দিয়ে ফরহাদ হালিম বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অনেক জায়গায় প্রয়োজনের আগেই মেশিন কেনা হয়, কিন্তু সেগুলো পরিচালনার জন্য দক্ষ লোক থাকে না। আবার কোথাও মেশিনের অভাবে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে এসব বিষয়ে সংশ্লিষ্টদের আরও সচেতন হতে হবে।

পেশাগত দাবি আদায়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু নিজেদের মধ্যে আলোচনা করলে হবে না, বিষয়গুলো সংশ্লিষ্ট মহলের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। বর্তমান সরকার স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনতে চায় উল্লেখ করে তিনি বলেন, এ পরিবর্তনের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি পুনর্ব্যক্ত করেন, “আমি আপনাদের ১০ম গ্রেডের দাবি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।

মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এম-ট্যাব) সভাপতি এ কে এম মূসা লিটনের সভাপতিত্বে এবং দবীর উদ্দীন খান তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দীন রুমী, এম-ট্যাবের যুগ্ম মহাসচিব মিজানুর রহমান, সাইদুর রহমান ও মামুনুর রশীদ।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button