News
মক্কা চুক্তিতে যোগদানে ৫টি প্রস্তুতি নেওয়ার পরামর্শ শাফকাত রাব্বি অনিকের

বাংলাদেশি-মার্কিন ভূরাজনীতি বিশ্লেষক, কলামিস্ট ও আল জাজিরার নিয়মিত লেখক শাফকাত রাব্বি অনিক বলেছেন, মক্কা চুক্তিতে যোগদান করলে বাংলাদেশের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি নেওয়া জরুরি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মক্কা চুক্তিতে যোগ দিলে একটি বিশেষ দেশ এটি ‘রেড লাইন’ হিসেবে বিবেচনা করবে এবং তা ভাঙার পরিস্থিতি মোকাবিলায় আগে থেকেই প্রস্তুত থাকতে হবে।
এ জন্য তিনি পাঁচটি বিষয়ে কাজ শুরুর পরামর্শ দেন। শাফকাত বলেন, “১৯৬০-এর দশকে ফিরে যেতে হবে। কী হয়েছিল তখন? একটি বিশেষ দেশ তার দুই পাশ থেকে পাকিস্তান সরানোর জন্য পাগল হয়ে গিয়েছিল। এই একই বাস্তবতা আবার ফিরে আসবে।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের সিকিউরিটি জোরদার করতে হবে। ৪টি গাড়ি নিয়ে ওপেন রাস্তায় ঘোরাঘুরি বন্ধ করতে হবে। মিডিয়া প্রোপাগান্ডা মোকাবিলায় নামতে হবে। পার্সোনাল ক্যারেক্টার ধ্বংস করা শুরু হবে তারেক সাহেবের ঘনিষ্ঠদের। সেটা ঠেকাতে হবে।”
বাংলাদেশের জনগণ প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের বেশির ভাগ মানুষের কাছে এই চুক্তির উপকারিতা এবং অপকারিতা তুলে ধরতে হবে এবং দেখতে হবে সাধারণ মানুষ ও রাজনৈতিক লোকজন এটাকে নেট পজিটিভ হিসেবে দেখে কিনা।”
তিনি সবশেষ বলেন, “বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশন ও সংস্থাগুলোতে একটি বিশেষ মতাদর্শের মিত্রদের সরাতে হবে কিংবা নজরদারিতে আনতে হবে। বাংলাদেশের মক্কা চুক্তিতে ঢোকা একটি ‘রেড লাইন’ হিসেবে ইতোমধ্যেই ধরা শুরু করেছে একটি বিশেষ দেশ। চুক্তিতে যোগ দিলে সেই রেড লাইন ভেঙে যাবে। তারপর কী কী করতে হবে সেটা মোকাবেলার প্রস্তুতি নিয়েই চুক্তি স্বাক্ষর করতে যেতে হবে।”
এদিকে পোস্টে অন্য ব্যবহারকারীরা চুক্তি নিয়ে নানা মতামত জানিয়েছেন। কেউ বাংলাদেশের উচিত সামরিক জোটের পরিবর্তে ‘শান্তির প্রাচীর’ গড়ে তোলার পরামর্শ দিয়েছেন, আবার কেউ অর্থনৈতিক জোটে থাকার পক্ষে মত দিয়েছেন। অনেকে সরাসরি ভারতের নাম উল্লেখ না করলেও ‘বিশেষ দেশ’ বলতে ভারতকে ইঙ্গিত করা হয়েছে বলে ধারণা করছেন।
source: The Dhaka Diary