News

আজ দেশে আসছে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ 

নিহতের ছবি হাতে স্বজন© সংগৃহীত
সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে দেশে আসছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ নম্বর ফ্লাইটটি বিকাল ৪টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
 
গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সৌদি কর্তৃপক্ষ আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে ৯ জনের মরদেহ শনাক্ত করে। রিয়াদের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ রেজায়ে রাব্বী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
নিহত ৯ জনের মধ্যে ৭ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। তারা হলেন গন্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রমানিক, একই গ্রামের গুফফার প্রমানিকের ছেলে মোহন আলী ও সুমন আলী, বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, উদনপৈ গ্রামের ময়েনউদ্দিনের ছেলে ফরিদ উদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা ও মারকাসুন্দা গ্রামের তমেজউদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল।
 
এছাড়া নাটোরের নলডাঙা থানার মহিষডাঙা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা থানার মরুগ্রাম গ্রামের কলিমুদ্দিন মাঝির ছেলে শ্যামল উদ্দিন মাঝির মরদেহও একই ফ্লাইটে আসছে।
 
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মুনিরুজ্জামান জানান, প্রশাসনের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে, যেন মরদেহগুলো বাড়িতে পৌঁছাতে কোনো খরচ না হয়। নওগাঁ জেলা প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, আগামীকাল শুক্রবার সকাল ১০টায় আত্রাই উপজেলা সদরের মোল্লা আজাদ ডিগ্রি কলেজ মাঠে ৭ মরদেহের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 
 

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button