ব্রেকআপ করে দুধ দিয়ে গোসল করলেন প্রেমিক

প্রেমের সম্পর্কের ইতি টেনে দুধ দিয়ে গোসল করেছেন জয়পুরহাটের ক্ষেতলালের এক যুবক। পুরোনো সম্পর্কের কষ্ট ও হতাশা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার প্রতীকী ঘোষণা হিসেবে তিনি এভাবে দুধ দিয়ে গোসল করেন। শুক্রবার বিকেলে উপজেলার বিলের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর ব্যতিক্রমী এই কাণ্ড দেখতে সেখানে ভিড় করেন স্থানীয়রা।
দুধ দিয়ে গোসল করা ওই যুবকের নাম তারিকুল ইসলাম (২৫)। তিনি উপজেলার শালুকডুবি গ্রামের ছেরদুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তারিকুল উপজেলার বিলের ঘাট এলাকায় যান। সেখানে তিনি দুধ দিয়ে গোসল শুরু করেন। বিষয়টি দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। পরে তাঁকে দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
তারিকুল ইসলাম জানান, একসময় তিনি একজন মেয়েকে ভালোবেসেছিলেন। সেই সম্পর্ককে ঘিরে তাঁর জীবনে নানা হতাশা ও কষ্ট নেমে আসে। পারিবারিক অশান্তিও তৈরি হয়। একপর্যায়ে তিনি ওই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের প্রতীকী প্রকাশ হিসেবেই দুধ দিয়ে গোসল করেছেন তিনি।
তিনি বলেন, ‘আমি এক বেইমানকে ভালোবেসেছিলাম। তাকে ভালোবেসে আমার জীবনটা শেষ হয়ে গেছে। অনেক কষ্ট পেয়েছি। তাই আজ দুধ দিয়ে গোসল করে সেই ভালোবাসা থেকে সরে আসছি। আমি আর ওই সম্পর্কের মধ্যে থাকতে চাই না। ভালোবাসার পেছনে না ছুটে ভালো পথে ফিরে আসতে চাই।’
তিনি আরও বলেন, অতীতের ভুল ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান। পুরোনো সম্পর্কের কষ্ট পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করতে চান তিনি।
এদিকে তারিকুলের ব্যতিক্রমী এই উদ্যোগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে। অনেক যুবক ঘটনাটিকে ব্যতিক্রমী ব্রেকআপ হিসেবে দেখছেন।
এ বিষয়ে তুলশীগঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য গিয়াসউদ্দিন বলেন, ‘দুধ দিয়ে গোসল করে তিনি নিজের অনুভূতি ও সিদ্ধান্তকে প্রকাশ্যে তুলে ধরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি দেখেছি। আজ-কালকার যুবসমাজ কখন কী করে বোঝা দায়।’
source: The Daily Campus