News

নতুন পে-স্কেলের গেজেট কবে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

প্রস্তাবিত ৯ম পে-স্কেল অনুমোদন দিয়েছে সরকার। আজ সোমবার (৩১ আগস্ট) বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়।

পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে আসেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। সেখানে তিনি নতুন পে-স্কেলের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি এই পে-স্কেলের গেজেট কবে হতে পারে, এ বিষয়ে জানিয়েছেন।

এ সময় ড. নাসিমুল গনি বলেন, চলতি সপ্তাহে নতুন পে-স্কেলের গেজেট হবে।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় বেতনস্কেল ২০২৬-এ সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন বেতনস্কেলে প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার গ্রেডভেদে ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত।

বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বেসরকারি খাতে যেসব শিল্প ও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে, সেখানেও বেতন বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তের কথা জানাননি তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বেসরকারি খাতে অনেক প্রতিষ্ঠান প্রতিবছর ৫ শতাংশ বা ৭ শতাংশ করে বেতন বাড়ায়। মন্ত্রিসভায় থাকা কয়েকজন নিয়োগকর্তাও এ বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, এসব বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে নতুন পে-স্কেল মূলত যারা নির্ধারিত বেতনস্কেলের ওপর নির্ভরশীল, তাদের জন্য।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button