News
অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এ সরকারি সফর চলবে ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সফরে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন প্রতিমন্ত্রী।
সফরের শুরুতে শামা ওবায়েদ স্পেনের সেভিলে যাবেন। সেখানে ২৬ অক্টোবর তৃতীয় ‘স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন তিনি। স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই) আয়োজিত এ এক্সপোর প্রতিপাদ্য—‘শক্তিশালী অংশীদারত্ব, অভিন্ন সমৃদ্ধি’।
আরও পড়ুন
আয়োজকদের লক্ষ্য, এ এক্সপোর মাধ্যমে বাংলাদেশের রপ্তানিকারকদের সঙ্গে স্পেনের উৎপাদনকারী, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সংযোগ স্থাপন করা এবং বাণিজ্য ও বিনিয়োগে নতুন অংশীদারত্বের সুযোগ তৈরি করা।
স্পেনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে বাংলাদেশের শিল্পকলা ও সংস্কৃতি তুলে ধরা, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে সম্ভাবনা অনুসন্ধানের ওপর গুরুত্ব দেওয়া হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফরের মাধ্যমে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি এগিয়ে নেওয়া, বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের অঙ্গীকার প্রতিফলিত হবে।
source: The Dhaka Diary