দেশজুড়ে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা কর্মসূচি, উৎসাহ-উদ্দীপনা এবং দলীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে আজ দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে সেখানে সমাধিস্থ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা জানানো হয়।
সকালে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জিয়া উদ্যানে পৌঁছান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে, তিনি ফাতেহা পাঠ করেন এবং দলের প্রয়াত প্রতিষ্ঠাতা ও প্রয়াত চেয়ারপার্সনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। পরে জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি প্রাঙ্গণে নেতা-কর্মীদের প্রবেশের সুযোগ উন্মুক্ত হলে সেখানে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ঢল নামে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসা নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন জিয়া উদ্যানের সমাধি প্রাঙ্গণ।
‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’-এমন নানা স্লোগানে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। দলীয় নেতা-কর্মীদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার এবং ফেস্টুন। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে তাদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে শেরেবাংলা নগরে সমবেত হন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সমাধি প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নেতা-কর্মীদের উপস্থিতি আরও বাড়তে থাকে।
প্রতিষ্ঠাবার্ষিকী দিবসের সূচনায় ভোরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে চেয়ারম্যানের কার্যালয়সহ সারাদেশে দলের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আগামী ৫ সেপ্টেম্বর বেলা ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের পাশাপাশি দেশের বরেণ্য বুদ্ধিজীবীরাও এতে অংশ নেবেন।
এদিকে, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সারা দেশে জেলা ও মহানগর বিএনপি এবং দলের বিভিন্ন ইউনিটের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত বিএনপি চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রয়েছে। প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর তাঁর সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তাঁদের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান দলটির নেতৃত্ব দিচ্ছেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলটির নেতা-কর্মীরা অতীতের রাজনৈতিক সংগ্রাম ও অর্জনের স্মৃতি স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতের পথচলায় নতুন প্রত্যয় ব্যক্ত করেছেন।
source: The Dhaka Diary