প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, প্রতিরক্ষা খাতের পারস্পরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় দেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পেশাগত সক্ষমতা ও উৎকর্ষ বৃদ্ধিতে বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং সৌদি আরবের শীর্ষ সামরিক একাডেমিগুলোর মধ্যে উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি ও কোর্স বিনিময় আরও জোরদার করার ব্যাপারে বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া, প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি মানবিক সংকট মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনায় দুই দেশের যৌথ অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা বিনিময়ের বিষয়ে উভয় পক্ষ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দুই দেশের সশস্ত্র বাহিনীর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নিয়মিত সফর বিনিময়ের মাধ্যমে বিদ্যমান কৌশলগত ও সামরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।
source: Daily Amar Desh