প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: অনুসন্ধানে ৪ সদস্যের কমিটি গঠন

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টোকিও’র নারিতা-ঢাকা রুটের ফ্লাইট বিজি ৭৭৭-এ সংঘটিত কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এই যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডোর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত অফিস আদেশে এই তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
চিফ প্লানিং অ্যান্ড সিডিউলংকে সভাপতি, চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)-কে সদস্য এবং ব্যবস্থাপক (আইন বিষয়ক)-কে সদস্য সচিব করে এই চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজনে এই কমিটি বিমানের যেকোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে।
গঠিত কমিটিকে আগামী ৪ কার্যদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
এমআই/বার্তা বাজার
source: Barta Bazar