News

তৃতীয় সাবমেরিন ক্যাবল প্রকল্পের ল্যান্ডিং স্টেশন পরীক্ষার কাজ সম্পন্ন

আন্তর্জাতিক ব্যান্ডউইথের জন্য তৃতীয় সাবমেরিন ক্যাবল প্রকল্পের আওতায় কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে যন্ত্রপাতি স্থাপন ও সেগুলোর কার্যকারিতা পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, দেশে ব্যান্ডউইথের কোনো সমস্যা হবে না। গ্রাহকদের জন্য উন্নত নেটওয়ার্ক, নিরবচ্ছিন্ন সংযোগ এবং উন্নত সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। বিএনপি সরকারের ১৮০ দিনে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জন জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ডাক সেবা আধুনিকীকরণ এবং তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার সারা দেশে ৯ হাজারেরও বেশি ডাকঘর উন্নত করার পরিকল্পনা নিয়েছে। তিনি বলেন, সরকারি ডাকসেবার প্রতি মানুষের আস্থা রয়েছে। তাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডাকসেবা আধুনিকীকরণ এবং আন্তর্জাতিক রীতিনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে একে যুগোপযোগী করার উপায় খুঁজছে সরকার।

গত আম মৌসুমে বিদেশে পাঠানো চালানসহ প্রায় ৩৫০ টন আম ডাক বিভাগের মাধ্যমে পরিবহন করা হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, রাষ্ট্রমালিকানাধীন মোবাইল অপারেটরের সেবার মান উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ভয়েস ওভার ওয়াইফাই এবং ভয়েস ওভার এলটিইয়ের মতো আধুনিক প্রযুক্তিগুলো পরীক্ষামূলকভাবে চালু করা হবে।

তিনি জানান, মনিটরিং সফটওয়্যারের মাধ্যমে ডাক প্রক্রিয়াজাতকরণ ও লজিস্টিকস সেবার আধুনিকায়নের ক্ষেত্রে প্রায় ৯০ শতাংশ অগ্রগতি অর্জিত হয়েছে। এছাড়াও বিটিআরসির গ্রাহক অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যুক্ত করার লক্ষ্যে একটি পরীক্ষামূলক কর্মসূচিও শুরু হয়েছে বলে জানান আইসিটি মন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button