News

‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমান্তবর্তী জেলা থেকে উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ থাকার পর প্রায় ১২ ঘণ্টা পরে শুক্রবার সকালে সিলেটের শাহপরান এলাকার সড়কের পাশে তাকে পাওয়া যায়। অপহরণকারীরা নিজেদের মধ্যে হিন্দি ভাষায় কথা বলছিল বলে জানিয়েছে ভুক্তভোগী।

ওই শিক্ষার্থীর নাম সৈয়দ সাদাফ। সে উপজেলার নোয়াপাড়া এলাকার সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ভারতে পাচারের উদ্দেশ্যে তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন পরিবারের সদস্যরা।

তাদের ভাষ্য, বৃহস্পতিবার রাত আটটার দিকে তিন থেকে চারজন ব্যক্তি সাদাফকে মাথায় আঘাত করে একটি হায়েস গাড়িতে তুলে নিয়ে যান। এরপর তাকে বিভিন্ন স্থানে ঘোরানো হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সাদাফ পরিবারের সদস্যদের কাছে দাবি করেছে, গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের মধ্যে হিন্দি ভাষায় কথা বলছিলেন। পরে রাতের দিকে সিলেটের জাফলং সড়কের শাহপরান এলাকায় তাকে গাড়ি থেকে নামিয়ে রেখে যাওয়া হয় বলে অভিযোগ।

শুক্রবার সকালে স্থানীয় লোকজন ও এক সিএনজি অটোরিকশাচালকের সহযোগিতায় সাদাফের সন্ধান পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে যান এবং চিকিৎসার ব্যবস্থা করেন।

সাদাফের বাবা সৈয়দ শাহীন বলেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে কেউ তুলে নিয়ে যেতে পারে বলে তিনি মনে করছেন। তার আশঙ্কা, ভারতে পাচারের উদ্দেশ্যেও তাকে নেওয়া হয়ে থাকতে পারে। তবে এ আশঙ্কার পক্ষে কোনো প্রমাণ বা নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। এ ঘটনায় থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। অভিভাবকদের সন্তানদের বিষয়ে আরও সচেতন ও সতর্ক থাকতে হবে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button