News

প্রধানমন্ত্রীর বহরে ঢুকে সালাম জানিয়ে আটক ১, বিরোধীদলীয় নেতাকে লাল কার্ড দেখিয়েও বহাল তবিয়তে ছাত্রদল নেতা

রাজধানীর ফার্মগেটে বিএনপির সভায় যোগ দেওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে মোটরসাইকেল নিয়ে কাছাকাছি যাওয়ার অভিযোগে পুলিশ হেফাজতে নেওয়ার ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীর গাড়িবহরে আচমকা মোটরসাইকেল নিয়ে প্রবেশ করা ওই যুবককে পুলিশের কাছে আকুতি-মিনতি ও পায়ে ধরেও শেষরক্ষা পাননি বলে জানা গেছে।

অন্যদিকে, একই দিনে চট্টগ্রামে বিরোধীদলীয় নেতাকে প্রকাশ্যে লাল কার্ড প্রদর্শন করেও এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন অভিযুক্ত ছাত্রদল নেতা। দুটি পৃথক ঘটনায় আইনশৃঙ্খলা ও রাজনৈতিক শিষ্টাচার ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ফার্মগেটের খামারবাড়ি এলাকায় ঘটে যাওয়া ওই ঘটনায় আটককৃত যুবকের নাম মুবিন মাঝি। তিনি পেশায় রাইড শেয়ারিং চালক এবং বরিশালের বাবুগঞ্জ উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষকের সন্তান। প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তাবলয় অতিক্রম করে ভিআইপি বহরের একদম কাছে গিয়ে প্রধানমন্ত্রীকে সালাম দেন তিনি।

ঘটনার পরপরই কর্তব্যরত পুলিশ সদস্যরা তাঁকে নিয়ন্ত্রণে নেন। এসময় তিনি আকুতি জানান এবং পা ধরে মাফ চাইলেও নিরাপত্তা প্রটোকল ভঙ্গের কারণে তাকে তেজগাঁও থানা হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে জানা যায়, তাঁর পূর্বের কোনো অপরাধমূলক রেকর্ড নেই।

এর ঠিক বিপরীত এক চিত্র দেখা যায় চট্টগ্রামের মিরসরাইয়ে। ১১ দলীয় জোটের লংমার্চ চলাকালে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে উদ্দেশ্য করে প্রকাশ্য মহাসড়কে ‘লাল কার্ড’ প্রদর্শন করেন এক যুবক। অভিযুক্ত ব্যক্তির নাম তৌহিদুল ইসলাম নিশান, যিনি মিরসরাই পৌরসভা ছাত্রদলের পদধারী নেতা। শত শত নেতাকর্মী ও পুলিশের উপস্থিতিতে এই চরম অরাজনৈতিক ও অপমানজনক আচরণ করে পরবর্তীতে তিনি সটেগে কেটে পড়েন।

একদিকে স্রেফ সালাম জানাতে গিয়ে অনিচ্ছাকৃত ভুল করে পা ধরে মিনতি করেও আইনের মুখোমুখি হতে হয়েছে সাধারণ এক রাইড শেয়ারারকে, অন্যদিকে ভিআইপি নেতাকে প্রকাশ্যে কটাক্ষ ও অসম্মান করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার পরও ছাত্রদল নেতা ধরাছোঁয়ার বাইরে অবস্থান করছেন। প্রশাসনের এমন বৈষম্যমূলক অবস্থান ও রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন নিয়ে বিভিন্ন মহলে জোর আলোচনা ও অসন্তোষ দেখা দিয়েছে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button