জামায়াত আমিরকে লাল কার্ড দেখানো সেই যুবক ছাত্রদল নেতা

১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ চলাকালে চট্টগ্রামগামী গাড়িবহর চট্টগ্রাম জেলার মিরসরাই থানা এলাকা অতিক্রম করার সময় জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে উদ্দেশ্য করে সরাসরি ‘লাল কার্ড’ প্রদর্শনের ঘটনা ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শত শত নেতাকর্মীর উপস্থিতিতে মিরসরাই থানা মসজিদের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লংমার্চের অংশ হিসেবে ফুটওভার ব্রিজসংলগ্ন পথসভা মঞ্চে বিকেল থেকেই কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে বিরোধীদলীয় নেতার গাড়িটি পথসভা মঞ্চের কাছাকাছি পৌঁছালে মহাসড়কের ডিভাইডারে দাঁড়িয়ে থাকা এক যুবক তড়িঘড়ি ডিভাইডারের ওপর বসে জামায়াত আমিরকে লক্ষ্য করে লাল কার্ড উঁচিয়ে ধরেন। এ সময় পাশে থাকা অপর এক সহযোগীকে পুরো ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে দেখা যায়।
পরে জানা যায়, লাল কার্ড প্রদর্শনকারী যুবকের নাম তৌহিদুল ইসলাম নিশান। স্থানীয় রাজনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে তিনি মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য এবং উপজেলা ছাত্রদলের স্থানীয় ক্রীড়া কমিটির দায়িত্বে রয়েছেন। তিনি স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালা মিয়ার ছেলে বলে শনাক্ত করা হয়েছে।
একজন জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্বকে উদ্দেশ্য করে প্রকাশ্যে এমন আচরণকে রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী হিসেবে আখ্যা দিয়েছেন সচেতন মহল। এদিকে মিরসরাই পৌরসভা জামায়াতের আমির শিহাব উদ্দিন এই ঘটনাকে বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ মন্তব্য করে ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
source: Azadir Dak