News

দেশীয় উদ্ভাবনকে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরি থেকে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিজয় সরণির নভোথিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ এর উদ্বোধনী বক্তব্য তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা আমাদের সর্বোচ্চ অবস্থান থেকে সব চেষ্টা এবং উদ্যোগ আমরা গ্রহণ করব। আপনাদের (উদ্ভাবক-উদ্ভাবনী প্রতিষ্ঠান-বিনিয়োগকারী) সহযোগিতা আমাদের প্রয়োজন, আপনাদের সাহায্য আমাদের প্রয়োজন, আপনাদের এগিয়ে আসা রাষ্ট্রের জন্য প্রয়োজন।

তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে এরকম একটি রাষ্ট্র গড়ে তুলতে কাজ করি, যেখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই রাষ্ট্রকে গড়ে তুলতে সক্ষম হবো।

তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ এর মূল প্রতিপাদ্য বিষয় ‘ইনোভেট টু মার্কেট’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এই মেলায় দেশীয় উদ্ভাবক ও উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নীতি নির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের টেকসই অংশীদারিত্ব গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে।

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্ট-আপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান(এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নেন।

এছাড়া মেলায় প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন ও সম্ভাবনাময় উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বক্তব্য রাখেন।

মেলায় কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তর, ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং কারিগরি অংশীদার হিসেবে রয়েছে জাতীয় সংঘ উন্নয়ন কর্মসূচি।

শু/বার্তা বাজা

source: Barta Bazar

Leave a Reply

Back to top button