News
কলি-অপ্রতিম হত্যায় স্তম্ভিত দেশ, এই ভূখণ্ডকে কবে বাসযোগ্য করে তুলতে পারব— প্রশ্ন আহমাদুল্লাহর

পাবনার ১০ বছরের শিশু কামরুন্নাহার কলির ধর্ষণ ও হত্যা এবং কক্সবাজারে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার রেশ না কাটতেই কুমিল্লায় শিশু ইশরাত শাহরিয়ার অপ্রতিমের হৃদয়বিদারক ঘটনায় সারা দেশ স্তম্ভিত বলে মন্তব্য করেছেন সেবাধর্মী প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
তিনি প্রশ্ন তুলে বলেছেন, ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব।’
রবিবার (২০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, “পাবনার দশ বছরের শিশু কামরুন্নাহার কলির ধর্ষণ ও হত্যা এবং কক্সবাজারে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার রেশ না কাটতেই শিশু অপ্রতিমের হৃদয়বিদারক ঘটনায় সারা দেশ স্তম্ভিত।”
তিনি বলেন, “এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব।”
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, “কলি, অপ্রতিমের বাবা-মা সহ সকল মানুষ তাদের প্রিয়জন হারানোর নির্মমতার সুবিচার পাক, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির সংস্কৃতি গড়ে উঠুক, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক, আমরা তেমন বাংলাদেশের স্বপ্ন দেখি।”
প্রসঙ্গত, গতকাল (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার উদ্দেশে বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অপ্রতীমের মা ড. নাহিদা বেগম ফেসবুকে পোস্ট দিয়ে ছেলের নিখোঁজের কথা জানান। ছেলেকে ফিরে পেতে আকুতি জানিয়েছিলেন তিনি। পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুবি ক্যাম্পাসের পাশের জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।
source: The Dhaka Diary