News

আইনমন্ত্রীর বক্তব্য ও হাফেজদের বই উপহার নিয়ে হেফাজতের প্রতিবাদ

বিশ্বজয়ী কুরআনের হাফেজদের সম্মাননা অনুষ্ঠানে ইউভাল নোয়াহ হারারির লেখা ‘নেক্সাস’ বই উপহার দেওয়ার ঘটনায় প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে সংবিধান নিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেছে সংগঠনটি।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব শায়েখ সাজিদুর রহমান এসব কথা জানান।

বিবৃতিতে হেফাজতের নেতারা বলেন, ৯৫ শতাংশ মুসলমানের দেশে বিশ্বজয়ী কুরআনের হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার উদ্যোগ প্রশংসনীয়। তবে ওই অনুষ্ঠানে ইউভাল নোয়াহ হারারির বই উপহার দেওয়াকে তারা অনভিপ্রেত বলে উল্লেখ করেন। তাদের দাবি, বইটির লেখকের কিছু চিন্তাধারা ইসলামি আকিদা, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে বিষয়টি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে তারা মনে করেন।

হেফাজতের নেতারা আরও দাবি করেন, কীভাবে এমন একটি বই সম্মাননা অনুষ্ঠানের উপহার হিসেবে নির্বাচিত হলো, তা খতিয়ে দেখা প্রয়োজন। দায়িত্বশীল কর্মকর্তাদের অবহেলা কিংবা অন্য কোনো কারণে ঘটনাটি ঘটেছে কি না, তা তদন্তেরও দাবি জানিয়েছেন তারা।

তারা হাফেজদের দেওয়া বইগুলো প্রত্যাহার করে তার পরিবর্তে ইসলামি ঐতিহ্য ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গ্রন্থ দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে সরকারি ও ধর্মীয় অনুষ্ঠানে বই বা উপহার নির্বাচনের জন্য একটি দায়িত্বশীল স্ক্রিনিং কমিটি গঠনের দাবি জানান।

সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা

সংবিধান প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বক্তব্যেরও সমালোচনা করেছেন হেফাজতের দুই শীর্ষ নেতা। আইনমন্ত্রীর বক্তব্য ছিল, কুরআনের আলোকে সংবিধান প্রণয়ন করা যেতে পারে, তবে কুরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করা উচিত হবে না।

হেফাজতের নেতারা এই বক্তব্যকে মুসলমানদের ঈমান ও আকিদার পরিপন্থী বলে উল্লেখ করেন। তাদের বক্তব্য অনুযায়ী, কুরআন মানুষের তৈরি কোনো সাময়িক আইনপত্র নয়; এটি আল্লাহর নাজিল করা চূড়ান্ত বিধান। তাদের দাবি, মানুষের প্রণীত সংবিধান পরিবর্তন ও সংশোধনযোগ্য হলেও কুরআনের বিধান চিরন্তন ও অপরিবর্তনীয়।

বিবৃতিতে তারা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন ব্যক্তির কাছ থেকে কুরআনের মর্যাদা ও বিধান নিয়ে এমন বক্তব্য উদ্বেগের বিষয়। তারা আইনমন্ত্রীকে নিজের অবস্থান জাতির সামনে স্পষ্ট করার পাশাপাশি বক্তব্য প্রত্যাহার ও তওবা করার আহ্বান জানান।

হেফাজতের নেতারা আরও বলেন, ঈমান, ইসলামি ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের সংগঠন ও সমর্থকরা ভবিষ্যতেও প্রতিবাদ অব্যাহত রাখবে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button