কেবল ডিজেল খাতেই দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার, বছরে লোকসান হবে প্রায় ৪০ হাজার কোটি টাকা

আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বর্তমানে শুধু ডিজেলেই প্রতি লিটারে সরকারের প্রায় ৮৯ টাকা লোকসান হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তাঁর ভাষ্য, এই হিসাবে প্রতিদিন ডিজেল খাতেই সরকারের লোকসান প্রায় ১০৯ কোটি টাকা, যা বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
জাহেদ উর রহমান বলেন, বৈশ্বিক বাজারে জ্বালানির দাম বাড়লেও চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি টাকা লোকসান মেনে নিয়ে দেশে তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে ধারাবাহিক এই ক্ষতি কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং সীমান্ত দিয়ে জ্বালানি পাচারের ঝুঁকি ঠেকাতে সরকার শেষ পর্যন্ত দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেয়।
নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
পার্শ্ববর্তী ও এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে তুলনা করে তথ্য উপদেষ্টা জানান, কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম ১৩৪ দশমিক ৭৬ টাকা, মিয়ানমারে ১৬৪ দশমিক ৮৩, নেপালে ১৬১ দশমিক ২৪, শ্রীলঙ্কায় ১৭৯ দশমিক ৪২, থাইল্যান্ডে ১৫১ দশমিক ২২ এবং পাকিস্তানে ১৮৫ দশমিক ৪৮ টাকা।
তাঁর দাবি, বাংলাদেশে তুলনামূলক কম দামের কারণে প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রায় আমদানি করা জ্বালানি সীমান্ত দিয়ে পাচারের ঝুঁকি বাড়ছিল। লিটারে ২০ টাকা মূল্য সমন্বয়ের ফলে বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হবে।
জ্বালানিতে আমদানিনির্ভরতা কমাতে ২০৩০ সালের মধ্যে দেশে ১৫০টি কূপ খননের পরিকল্পনার কথাও জানান জাহেদ উর রহমান। এর অংশ হিসেবে ১৯ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ নম্বর কূপ চালুর মাধ্যমে জাতীয় গ্রিডে দৈনিক আরও ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
সরকারের আশা, এতে শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ বাড়বে। একই সঙ্গে ২০৩৫ সালের মধ্যে বিজিএফসিএলের অধীন এলাকাগুলো থেকে দৈনিক প্রায় ২৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। ব্রিফিংয়ে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।
সূত্রঃ আজকের পত্রিকা
source: The Delta Lens