News

ঝিনাইদহে ট্রেনের নিচে পড়ে দুই পা বিচ্ছিন্ন নারীর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে রাবেয়া খাতুন (৩৭) নামে এক নারীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাবেয়া খাতুন রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোবারকগঞ্জ স্টেশনে ট্রেনটি বিরতির পর ছেড়ে দেওয়ার সময় রাবেয়া ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি প্ল্যাটফর্মের নিচে পড়ে যান। এতে ট্রেনে কাটা পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। একই সঙ্গে তার একটি হাতসহ শরীরের বিভিন্ন অংশ গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়। তবে যশোর নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত রাবেয়া খাতুন রাজধানী ঢাকার খিলক্ষেতের জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে।

নিহতের খালাতো ভাই জানান, রাবেয়া তাদের বাসায় বেড়াতে এসেছিলেন। শনিবার সকাল ৮টার দিকে ট্রেনে করে যশোর যাওয়ার কথা ছিল তার। পথিমধ্যে এ দুর্ঘটনায় তিনি নিহত হন।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার নয়ন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোরে রেফার করা হয়। তবে পথিমধ্যে তিনি মারা যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, যশোর থেকে রেলওয়ে পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button