গাইবান্ধায় ৪০ বস্তা সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা

গাইবান্ধার সাঘাটায় অনুমোদিত এক সার ডিলারের বাড়িতে অভিযান চালিয়ে ৪০ বস্তা এমওপি (পটাশ) সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অনুমতি ছাড়া বাড়িতে সার মজুতের দায়ে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বোনারপাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাঘাটার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
জানা গেছে, উপজেলার বোনারপাড়া এলাকার মেসার্স হক ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মুঞ্জুরুল হক একজন অনুমোদিত সার ডিলার। সম্প্রতি তিনি তার নির্ধারিত বিক্রয় কেন্দ্রের বাইরে সার পরিবহন করছেন বলে সাঘাটা কৃষি অফিসের নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে বিষয়টি যাচাই করতে গিয়ে কৃষি অফিস সংশ্লিষ্টরা মুঞ্জুরুলের বাড়িতে মজুত রাখা ৪০ বস্তা এমওপি সার খুঁজে পান।
পরে তারা বিষয়টি সাঘাটার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবগত করেন। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনুমতি ছাড়া বাড়িতে সার মজুতের অপরাধে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
একই সঙ্গে যেহেতু মুঞ্জুরুল হক একজন বৈধ সার বিক্রেতা, তাই বাড়িতে মজুত করা ৪০ বস্তা সার তার নির্ধারিত বিক্রয় কেন্দ্রে নেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং তা নিশ্চিত করা হয়।
এ বিষয়ে সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘মুঞ্জুরুল হক একজন বৈধ সার ডিলার। তবে কৃষি অফিসের অনুমতি ছাড়া বাড়িতে সার মজুতের দায়ে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি বাড়িতে মজুত করা সারগুলো তার বিক্রয় কেন্দ্রে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
source: The Daily Campus