মিরপুরে শ্রমিক আন্দোলনে মিশে নাশকতার চেষ্টা আ.লীগের, গ্রেপ্তার ১১

রাজধানীর মিরপুরে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ও ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন ডিবির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান।
ডিবির এই কর্মকর্তা বলেন, কয়েক দিন ধরে ন্যূনতম মাসিক মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি পোশাকশ্রমিকেরা আন্দোলন করছেন। গতকাল থেকে আন্দোলন ঘিরে সহিংসতা বেড়েছে। আজও পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
তিনি অভিযোগ করেন, সাধারণ শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নাশকতার চেষ্টা করছেন। শ্রমিকদের আন্দোলনের মধ্যে থেকে এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, মিরপুর-১০ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের আটক করা হয়। তাদের বাড়ি বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার, গাইবান্ধাসহ বিভিন্ন জেলায়। তারা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী বলে দাবি পুলিশের।
ডিসি মোহাম্মদ রাকিব খান আরো বলেন, মিরপুরের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগনে আলিফ মোল্লা এই নাশকতার কর্মকাণ্ড সমন্বয় করছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তিনিই ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীদের ঢাকায় এনেছেন বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশের দাবি, ঘটনাস্থলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
source: Daily Amar Desh