News

রাশেদ খাঁনের অভিযোগের বিষয়ে ব্রিফিংয়ে প্রশ্ন, ভারতের পররাষ্ট্র মুখপাত্র বললেন— ‘মন্তব্য নেই’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল© সংগৃহীত

বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভে গুরুত্বের সঙ্গে নজর রাখছে ভারত। একই সঙ্গে অভ্যন্তরীণ পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা পর্যবেক্ষণ করছে দেশটি। তবে  প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খাঁনের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে রাজি হয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি বাংলাদেশকে ‘অস্থিতিশীল’ করতে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা বেড়েছে এবং জামায়াতের সঙ্গে ‘গোপন বৈঠকের; অভিযোগ করেন রাশেদ খাঁন। 

মঙ্গলবার (৩ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব বিষয় উঠে আসে। ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাব দেন দেশটির মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

আরও পড়ুন

ব্রিফিংয়ে ভিনিতা নামের এক সাংবাদিক বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খাঁনের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তোলেন। ওই বক্তব্যে রাশেদ খাঁন অভিযোগ করেন, ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

এসব অভিযোগের বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে রণধীর জয়সওয়াল কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, “আপনি যে বিষয়টি জানতে চাচ্ছেন, সে বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।”

এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা ও পোশাকশ্রমিকদের বিক্ষোভের বিষয়ে ভারতের পর্যবেক্ষণ জানতে চাওয়া হলে মুখপাত্র বলেন, “বাংলাদেশে বিভিন্ন ঘটনা ঘটেছে। ভারত সেসব পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে নয়াদিল্লি একটি ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চায়।”

ব্রিফিংয়ে দুই দেশের পানি ব্যবস্থাপনা এবং বিশেষ করে গঙ্গা পানি চুক্তি নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “যৌথ পানিসম্পদ নিয়ে যেকোনো আলোচনা প্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমেই পরিচালিত হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে একটি যৌথ নদী কমিশন রয়েছে। গঙ্গাসহ দুই দেশের অভিন্ন নদীগুলো নিয়ে আলোচনার জন্য এটিই প্রাতিষ্ঠানিক কাঠামো “

এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টিও পুনর্ব্যক্ত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইতোমধ্যে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।”

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button