News

ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে আজ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘদিনের লালিত স্বপ্নপূরণ হতে যাচ্ছে পাবনাবাসীর। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত ঢাকা-পাবনা সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্রেনটির উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় বিশেষ অতিথি থাকবেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলী আসগার এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ স্থানীয় নেতারা।

Advertisement

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে ট্রেনটি পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। আগামীকাল ২০ নভেম্বর থেকে শুরু হবে নিয়মিত বাণিজ্যিক যাত্রা।

সূচি অনুযায়ী, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশে এবং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে সকাল ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ঢাকা-পাবনা-ঢাকা রুটে চলাচলকালে ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম.এ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে। এর ফলে পাবনাবাসীর দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি কমবে এবং রাজধানীর সঙ্গে সরাসরি ও নিরাপদ রেল যোগাযোগ স্থাপিত হবে।

রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, আমরা অনেক আগেই জোড়া তালি দিয়ে ঢাকা-পাবনা ট্রেন চালু করতে পারতাম কিন্তু পাবনাবাসীর আবেগের প্রতি শ্রদ্ধা রেখে, আমরা চেয়েছি সম্পূর্ণ নতুন কোচ দিয়ে এই রুটে ট্রেন চালু করা। প্রধানমন্ত্রীর সম্মতিতে সেটি বাস্তবায়িত হওয়ায় আমরাও আন্দিত।

source: Asia Post

Leave a Reply

Back to top button