News

হামলায় থেমে নেই ইরান, পুনর্গঠন করছে ক্ষেপণাস্ত্রের ভান্ডার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক হামলার পরও ইরানের অস্ত্রভান্ডারে উল্লেখযোগ্যসংখ্যক ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে।মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, তেহরানের হাতে এখনো দেড় হাজার থেকে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র থাকতে পারে।মার্কিন কর্মকর্তাদের বরাতে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

তবে মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন যে গোয়েন্দা সংস্থাগুলোর এই হিসাবের নির্ভরযোগ্যতা খুব একটা বেশি নয়।কারণ, ইরানের ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্র তাৎক্ষণিকভাবে উৎক্ষেপণের জন্য প্রস্তুত আছে আর কতগুলো মজুত অবস্থায় রয়েছে, তা সুনির্দিষ্টভাবে নির্ণয় করা কঠিন।তা সত্ত্বেও দেশটির হাতে এখনো বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে বলেই মনে করছেন তাঁরা।

মার্কিন গোয়েন্দাদের এই ধারণার সঙ্গে ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের হিসাবেরও মিল রয়েছে।ইসরায়েলের পক্ষ থেকেও মনে করা হচ্ছে, ইরানের হাতে এখনো দেড় হাজারের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অক্ষত রয়েছে।

যৌথ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনকেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হলেও থেমে নেই তেহরান।আগে থেকে মজুত করে রাখা যন্ত্রাংশ ব্যবহার করে নতুন ক্ষেপণাস্ত্র তৈরির মাধ্যমে নিজেদের অস্ত্রভান্ডার পুনর্গঠন করছে দেশটি।যদিও যুদ্ধের আগের তুলনায় বর্তমানে তাদের উৎপাদনের গতি কিছুটা কমে এসেছে।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরানের হাতে এখনো উল্লেখযোগ্যসংখ্যক ড্রোন এবং স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।এর আগে গত সপ্তাহে ইরান নতুন একটি ভূগর্ভস্থ ‘ক্ষেপণাস্ত্র নগরী’ প্রকাশ্যে আনে।এ ছাড়া এক পশ্চিমা কর্মকর্তা সংবাদমাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছিলেন, ইরানের হাতে অন্তত ১ হাজার ৭০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে।

এদিকে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলোর এই মূল্যায়নের স্পষ্ট অমিল দেখা যাচ্ছে।ট্রাম্প বরাবরই দাবি করে আসছেন যে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সামরিক শক্তি প্রায় ধ্বংস হয়ে গেছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইরানের এই অবশিষ্ট সামরিক সক্ষমতার বিষয়টি দেশটিতে নতুন করে হামলা চালানো নিয়ে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলছে।

অন্যদিকে ইরানের পাল্টা হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু না করার বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক করেছে উপসাগরীয় মিত্রদেশগুলো।তবে ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে ইসরায়েল।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button