News

আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুললে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে মাথা তোলার আগেই তাদের গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘এরা কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী। দেশে-বিদেশে বারবার তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণ করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। তার আগেই চব্বিশের চেতনায় আবার মাথা গুঁড়িয়ে দিতে চাই।’

বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ৩৮ মিনিটের বক্তব্যে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চালানোর সাম্প্রতিক নাশকতার কথা তুলে ধরে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ঐক্যের আহ্বান জানান। প্রধানমন্ত্রীর বক্তব্যে আগে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যম ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের শক্তিগুলোর ঐক্যের ফাঁটলের কারণে ফ্যাসিবাদের আস্ফালন দেখা যাচ্ছে। ঐক্যের সামনে ফ্যাসিবাদ ফিরতে পারবে না।

আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন চব্বিশের জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক এই প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, তিনি ডিসেম্বরে ফিরবেন। গত কয়েকদিনে গোপালগঞ্জে তাণ্ডব চালিয়ে থানায় আগুন দিয়েছে তাঁর সমর্থকরা। বিএনপির স্থানীয় সংসদ সদস্য এবং নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট করে পুড়িয়ে দিয়েছে।

গার্মেন্টস শ্রমিকদের বার্তা
দেশের গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করে তোলার পেছনেও বিশেষ স্বার্থগোষ্ঠীর উদ্দেশ্য রয়েছে কিনা প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাকশিল্পকে দুর্বল করে দিয়ে কি অন্য কোনো দেশকে সেই সুযোগ করে দেওয়ার অপচেষ্টা চলছে? বিষয়টি গভীরভাবে ভেবে দেখা দরকার। সরকার গার্মেন্টসশিল্পের শ্রমিকদের সমস্যা, দাবি ও অধিকার সম্পর্কে সম্পূর্ণ সচেতন উল্লেখ করে সরকারপ্রধান বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি এবং কর্মপরিবেশ উন্নত করার বিষয়ে আন্তরিকভাবে কাজ করছি। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুতই নতুন মজুরি কাঠামো ঘোষণা এবং সেই অনুযায়ী শ্রমিকদের বেতন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

গার্মেন্টসশিল্পে কর্মরত শ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যাঁরা বিদেশে পলাতক কোনো অপশক্তির উসকানিতে নিজেদের কর্মস্থলে ভাঙচুর করছেন, আগুন দিয়ে নিজেদের জীবিকা নির্বাহের প্রতিষ্ঠানটির ক্ষতি করছেন, তাঁদের কাছে আমার একটি প্রশ্ন নিজের কর্মস্থলটিই ধ্বংস করলে আপনাদের বেতন আসবে কোথা থেকে? পরিবারের জীবিকা

নির্বাহ হবে কীভাবে? সন্তানদের ভবিষ্যৎ কী হবে?
প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনাদের ন্যায্য দাবি অবশ্যই থাকবে, তা আদায়ের জন্য আন্দোলনও করতে পারেন। কিন্তু নিজেদের কর্মস্থলে ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা উৎপাদনব্যবস্থা ধ্বংস করার মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। যে কারখানা আপনাদের জীবিকার সংস্থান করে, যে কর্মস্থল আপনাদের পরিবারকে বাঁচিয়ে রাখে, সেই কর্মস্থলকে রক্ষা করা আপনাদের নিজেদের স্বার্থেই জরুরি। জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার তার অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাবে।

প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, ঐক্যের আহ্বান
আওয়ামী লীগকে কোনো সুযোগ দেওয়া হবে না জানিয়ে সংসদে প্রতিনিধিত্ব করা দলগুলোকে ঐক্যের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, চব্বিশে আমরা যেভাবে পতিত পলাতক স্বৈরাচারকে এ দেশ থেকে বিতাড়িতত করেছিলাম, একই চেতনায় আমরা আবারও তাদের বিষদাঁত ভেঙে দিতে চাই। স্বৈরাচার বিরোধী সব দলকে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদের ভেতরের এবং বাইরের সব গণতান্ত্রিক দলের প্রতি আহ্বান- আসুন ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় পতিত পরাজিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এক মঞ্চে দাঁড়াই।

শেখ হাসিনার নাম না নিয়ে সংসদ নেতা বলেছেন, সন্ত্রাসী দলের পলাতক নেত্রী তার সন্ত্রাসীদের গণতন্ত্রকামী জনগণের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। গণতন্ত্রকামী জনগণকে হত্যায় তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে। তাদের এমন বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বিরোধীদলের উদ্দেশ্যে তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক সংসদে মতের ভিন্নতা থাকবে, যুক্তির লড়াই থাকবে; কিন্তু দেশ ও জনগণের স্বার্থে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সন্ত্রাসের মাধ্যমে যারা অস্থিতিশীল করতে চায়, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান কী হবে- এ প্রশ্নে আমাদের বিভেদ থাকতে পারে না।

প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তিন দশক আগের বক্তব্য থেকে উদ্বৃত করে বিএনপি চেয়ারনম্যান বলেন, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এই হোক আমাদের আজকের অঙ্গীকার। সন্ত্রাসী গোষ্ঠী কিংবা গণতন্ত্রবিরোধী অপশক্তিকে এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। যারা গোলামির শৃঙ্খল নিয়ে আসতে চায়, তাদের বিরুদ্ধে স্বাধীনতার পতাকা হাতে বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে।

সামনে অনেক চ্যালেঞ্জ
সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে সরকারপ্রধান বলেন, রাষ্ট্র পুনর্গঠন, অর্থনৈতিক স্থিতিশীলতা, দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো আমাদের সম্পন্ন করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ভঙ্গুর আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করে। মাত্র দুই সপ্তাহের মাথায় বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। বাংলাদেশ এই যুদ্ধের পক্ষ নয়। কিন্তু যুদ্ধের নেতিবাচক প্রভাব থেকে আমরা কোনোভাবেই মুক্ত থাকতে পারিনি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ও মূল্য পরিস্থিতির ওপর এর প্রভাব পড়েছে। বাংলাদেশকেও জ্বালানি সংকটের মতো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। ব্যবসা-বাণিজ্য, শিল্পকারখানা ও উৎপাদনব্যবস্থা সচল রাখার স্বার্থে জ্বালানি খাতে সরকারকে প্রায় ৫০ হাজার কোটি টাকা ভর্তুকি প্রদান করেছে।

সংসদ নেতা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরে আমরা নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে চাই না। জনগণের কাছে আমাদের জবাবদিহি রয়েছে। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে বর্তমান সংকট মোকাবিলা করে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া। বাংলাদেশ ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

চীন, তুরস্ক, জাপানসহ আরও কয়েকটি দেশ বাংলাদেশের বিভিন্ন খাতে বড় ধরনের বিনিয়োগের ব্যাপারে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছে জানিয়ে তারেক বলেন, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেলে দেশে নতুন শিল্পকারখানা গড়ে উঠবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রযুক্তির বিকাশ ঘটবে এবং আমাদের অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি জনগণের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়টিও সরকারের সর্বোচ্চ গুরুত্বের মধ্যে রয়েছে।

চাল, ডাল, ভোজ্যতেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর আমদানি শুল্ক ও কর কমানো হয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। রমজানকে সামনে রেখে সরকার আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। আগের বছরগুলোর সঙ্গে নিত্যপণ্যের দাম তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দাম কিছুটা হলেও কমেছে।

জুলাইয়ে আত্মত্যাগে জনগণ মুক্ত
ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যাযজ্ঞের কথার তুলে ধরে সরকারপ্রধান বলেন, নজিরবিহীন দমনপীড়নে হাজারো মানুষের জীবন বিপন্ন হয়, অসংখ্য মানুষ আহত ও পঙ্গুত্বের শিকার হন। ক্ষমতায় টিকে থাকা, তাদের কাছে রাষ্ট্র ও জনগণের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তবে বাংলাদেশের সাহসী সন্তানরা মাথা নত করেননি। আবু সাঈদসহ অসংখ্য বীর ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তাঁদের আত্মত্যাগে সেই তাবেদার ও গণবিরোধী শক্তি ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার বিপর্যস্ত পরিস্থিতিতে বিএনপি সরকার দায়িত্ব নেয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা এবং দুর্নীতি ও অর্থপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য বর্তমান সরকার দেশে-বিদেশে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। স্বপ্নের গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা সরকারের রাজনৈতিক অঙ্গীকার।

৫ আগস্টের ফলে মানুষ কী কী পেয়েছে- তা তুলে ধরে তারেক রহমান বলেছেন, জনগণ বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। নাগরিক অধিকার ফিরে পাওয়ার সুযোগ পেয়েছে। অবরুদ্ধ থাকা গণতন্ত্র আবারও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে। জনগণের ভোটাধিকার, রাজনৈতিক অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়েছে। মানুষ ধীরে ধীরে মানবিক মর্যাদা ও নাগরিক অধিকার ফিরে পাওয়ার প্রত্যাশা করতে পারছে। গুম, খুন, অপহরণ এবং রাজনৈতিক নিপীড়নের আতঙ্ক থেকে মুক্ত একটি সমাজ গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মানুষ এখন রাষ্ট্রের কাছে নিরাপত্তা, ন্যায়বিচার ও জবাবদিহি প্রত্যাশা করতে পারছে।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button