Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

তারেক রহমানের গুপ্ত নির্দেশে গণভোটে না দিচ্ছে বিএনপি-ছাত্রদল-যুবদল

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

আজ অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বহুল প্রতীক্ষিত এ নির্বাচনে শুধু সংসদ নির্বাচনই হচ্ছে না, জাতীয় সংস্কারের পক্ষে গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। দেশের সবগুলো রাজনৈতিক দল গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকার ঘোষণা দিয়েছে। তবে আজ নির্বাচনের দিনে লক্ষ্য করা যাচ্ছে ভিন্নকিছু।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার নির্দেশও মানছেন না বিএনপির নেতাকর্মীরা। সারাদেশের বিভিন্ন স্থানে গণভোটে ‘না’ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন বিএনপি-ছাত্রদল-যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান তার জনসভায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার নির্দেশ দেন। হ্যাঁ ভোট দেওয়ার প্রয়োজনীয়তার কথাও জানান তিনি।

কিন্তু তার নির্দেশের বিরুদ্ধে গিয়ে অনেক নেতাকর্মী না ভোট দিচ্ছেন। অনেক আসনে নেতাকর্মীরা দলীয় ভোট না চেয়ে ভোটারদের না ভোট দেওয়ার অনুরোধ করছেন। কয়েকটি জায়গায় দেখা যায়, বিএনপি নেতাকর্মীরা বলছেন ‘হ্যাঁ মানে জামায়াত আর না মানে বিএনপি’।

এরমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সেক্রেটারি সর্দার জহুরুল ইসলাম গণভোটে ব্যালটে ‘না’ এবং সংসদ সদস্য ব্যালটে ‘ধানের শীষ’ মার্কায় ভোট দিয়ে ছবি তুলে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন।

এতে করে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জাতীয় নির্বাচনে পাবনা-১ আসনে ভোট প্রদান করেন ছাত্রদলের এ নেতা। ভোট দেওয়ার পরে তার ব্যালটের ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় এ চিত্র। তীব্র সমালোচনার মুখে তিনি তার ফেসবুক পোস্ট রিমুভ করে শুধুমাত্র জাতীয় নির্বাচনের ব্যালটের ছবি দেন।

এদিকে ঢাকা-১৬ আসনের আব্দুল্লাহ নামের একজন ভোটার তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, ‘ভোটার স্লিপ নিলাম আমিনুল ভাইয়ের ক্যাম্পেইন বুথ থেকে।

সেখানকার প্রতিনিধি আমিনুল ভাইয়ের জন্য ভোট না চাইলেও গণভোটে ‘না’ দেওয়ার জন্য বললেন। এরপর আরো তিনজন ‘না’ ভোট দেওয়ার জন্য বললেন।’

এদিকে সারাদেশের নেতাকর্মীদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার নির্দেশনার কথা স্বীকার করলেও ‘না’ দেওয়ার কারণ বলতে চাননি কেউ।

তারেক রহমানের নির্দেশ না মেনে ‘না’ ভোট দেওয়ার জন্য কোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এইটা কেন্দ্রের বিষয়। তবে আমরা যতটা জানি তাতে এমন কিছু হবে বলে মনে হয় না।’

বিএনপি নেতাকর্মীদের সারা দেশব্যাপী না ভোট দেওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন তারা নিজেরাই। নেতাকর্মীদের না ভোট দেওয়ার কারণ জানতে চেয়ে ফোন করা হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। তবে তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিনকে ফোন করা হলে তিনিও ফোন রিসিভ করেননি।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: npbnews.com

Back to top button