অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরো গভীর হবে: স্পিকার হাফিজ উদ্দিন

অতীতের মতপার্থক্য ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দিন দিন আরো শক্তিশালী হবে বলে আশাবাদ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
তিনি বলেছেন, দুই দেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে। ভবিষ্যতেও বাংলাদেশ ও পাকিস্তান পরস্পরের ভাই হিসেবে পাশে থাকবে।
শুক্রবার পাকিস্তানের করাচিতে সিন্ধু প্রাদেশিক পরিষদ (সিন্ধু অ্যাসেম্বলি) পরিদর্শনকালে পাকিস্তানি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্পিকার।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, আমরা অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকানোর সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক দিন দিন আরো শক্তিশালী হবে এবং আমরা চিরকাল ভাই হিসেবে থাকব।
সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ এবং পরিষদের সদস্যদের আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশের স্পিকার। তিনি বলেন, তাদের উষ্ণ অভ্যর্থনায় তিনি মুগ্ধ হয়েছেন। পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অর্থবহ।
সংসদীয় সম্পর্ক জোরদারে আলোচনা
বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলকে সিন্ধু প্রাদেশিক পরিষদের ঐতিহাসিক ভবন ঘুরিয়ে দেখানো হয়। এ সময় ভবনটির ইতিহাস, সংসদীয় ঐতিহ্য এবং সংরক্ষিত বিভিন্ন ঐতিহাসিক নথি সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করা হয়।
প্রতিনিধিদলকে জানানো হয়, ১৯৪৩ সালের ৩ মার্চ সিন্ধু প্রাদেশিক পরিষদই ছিল উপমহাদেশের প্রথম প্রাদেশিক আইনসভা, যারা পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে প্রস্তাব গ্রহণ করেছিল।
পরিদর্শন শেষে হাফিজ উদ্দিন আহমদ ও সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ বৈঠক করেন। বৈঠকে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, আইনসভা দুটির মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পরে বাংলাদেশের প্রতিনিধিদল সিন্ধু প্রাদেশিক পরিষদের অধিবেশনে অংশ নেয়। এ সময় পরিষদের সদস্যরা তাদের স্বাগত জানান।
ছয় দিনের সফরে পাঁচ সদস্যের প্রতিনিধিদল
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর ছয় দিনের সরকারি সফরে পাকিস্তান যান হাফিজ উদ্দিন আহমদ। তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল এ সফরে অংশ নিয়েছে।
সফরের অংশ হিসেবে পাকিস্তানের বিভিন্ন সংসদীয় ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বৈঠক এবং মতবিনিময়ের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
এআরবি
source: Daily Amar Desh