News

পাকিস্তানের সিন্ধু পার্লামেন্টে স্পিকার হাফিজ উদ্দিনকে ‘বীর বিক্রম’ বলে সম্বোধন

পাকিস্তানের সিন্ধু প্রাদেশিক পার্লামেন্টের (প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি অব সিন্ধ) চলমান অধিবেশনে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদকে তার খেতাব ‘বীর বিক্রম’ উল্লেখ করে আনুষ্ঠানিক সম্বোধন ও বিশেষ সম্মান জানানো হয়েছে।

শুক্রবার করাচিতে সিন্ধু প্রাদেশিক পার্লামেন্ট ভবনে সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বাধীন বাংলাদেশের উচ্চপদস্থ সংসদীয় প্রতিনিধিদল। প্রতিনিধিদলটি পার্লামেন্ট কক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গে অধিবেশনের কার্যক্রম থামিয়ে তাদের স্বাগত জানান সিন্ধ প্রাদেশিক পরিষদের স্পিকার সৈয়দ আউয়াইস কাদির শাহ।

অধিবেশনে দেওয়া স্বাগত বক্তব্যে স্পিকার সৈয়দ আউয়াইস কাদির শাহ বাংলাদেশের স্পিকারকে ‘হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, অনারেবল স্পিকার অব পার্লামেন্ট অব বাংলাদেশ’ হিসেবে সম্বোধন করে পরিচয় করিয়ে দেন। একই সঙ্গে তিনি পাকিস্তানের জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে হাফিজ উদ্দিন আহমদের প্রতিনিধিত্ব করার গৌরবোজ্জ্বল অতীতের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ সময় প্রাদেশিক পরিষদের স্পিকার সিন্ধের জনগণ ও পার্লামেন্ট সদস্যদের পক্ষ থেকে বাংলাদেশি প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে প্রতিনিধিদলের সদস্য সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি ও নাসের রহমানের নাম উল্লেখ করেও অধিবেশনে স্বাগত জানানো হয়। অধিবেশন কক্ষে উপস্থিত প্রাদেশিক পরিষদের সদস্যরা এ সময় করতালির মাধ্যমে বাংলাদেশি অতিথিদের অভিনন্দন জানান।

সফরকালে বাংলাদেশি প্রতিনিধিদলকে ঐতিহাসিক সিন্ধ পার্লামেন্ট ভবনের স্থাপত্য ও সংসদীয় ঐতিহ্য ঘুরিয়ে দেখানো হয় এবং অতিথিদের সম্মানে স্মারক শিল্ড ও ঐতিহ্যবাহী ‘আজরাক’ উপহার দেওয়া হয়। দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়। এর আগে প্রতিনিধিদলটি করাচিতে মোহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে পাকিস্তানে অবস্থান করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদসহ বাংলাদেশের প্রতিনিধি দল। বাংলাদেশের কোনো স্পিকারের এটিই প্রথম পাকিস্তান সফর।

এআরবি

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button