News
বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী হবে, আমরা চিরকাল ভাই হয়ে থাকব

অতীতের মতপার্থক্য পেছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। দুই দেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
পাকিস্তান সফরকালে করাচিতে সিন্ধু প্রাদেশিক পরিষদ পরিদর্শন শেষে শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ জানান। এ সময় দেওয়া তার বক্তব্যের একটি ভিডিও গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। পরে ওই ভিডিওটি ভাইরাল হয়।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘তারা অত্যন্ত ভালো মানুষ। তারা আমাদের দেখাশোনা করেছেন। আমরা গুরুত্বপূর্ণ ও বিবেচনাপ্রসূত আলোচনা করেছি। আমরা অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকানোর সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হবে। আমরা চিরকাল ভাই হয়ে থাকব। তাদের আতিথেয়তা সত্যিই উপভোগ্য এবং অতুলনীয়।’
পাকিস্তান সফরে তাকে এবং তার সংসদীয় প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ ও প্রাদেশিক আইনপ্রণেতাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন হাফিজ উদ্দিন। তিনি বলেন, তাদের আন্তরিক অভ্যর্থনা তাকে মুগ্ধ করেছে। প্রাদেশিক পরিষদের সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ ও অর্থবহ আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
সফরকালে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলকে সিন্ধু প্রাদেশিক পরিষদের ঐতিহাসিক ভবন ঘুরিয়ে দেখানো হয়। এ সময় ভবনটির ঐতিহাসিক গুরুত্ব, সংসদীয় ঐতিহ্য এবং সংরক্ষিত নথিপত্র সম্পর্কে তাদের অবহিত করা হয়।
প্রতিনিধিদলকে জানানো হয়, ১৯৪৩ সালের ৩ মার্চ সিন্ধু প্রাদেশিক পরিষদই ছিল উপমহাদেশের প্রথম প্রাদেশিক আইনসভা, যেখানে পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে একটি প্রস্তাব গৃহীত হয়েছিল।
পরে সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহর সঙ্গে বৈঠক করেন হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, দুই আইনসভার মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল সিন্ধু প্রাদেশিক পরিষদের একটি অধিবেশনে অংশ নেয়। সেখানে প্রাদেশিক আইনপ্রণেতারা তাদের স্বাগত জানান।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর ছয় দিনের সরকারি সফরে পাকিস্তান যান হাফিজ উদ্দিন আহমদ। তিনি পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সফরে দুই দেশের সংসদীয় যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি অতীতের মতপার্থক্য পেছনে ফেলে ভবিষ্যৎ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
source: The Dhaka Diary