কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
কুষ্টিয়া-৩ (সদর) আসনে নির্বাচনে পরাজয়ের পর বিএনপির দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া কোর্টপাড়া এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর-৩ আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার পরাজিত হন। এ নিয়ে ফলাফলকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। রাতের দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশন প্ল্যাটফর্ম এলাকায় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।
একপর্যায়ে কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে জেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন, সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম এবং সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ইসমাইল হোসেন মুরাদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় প্ল্যাটফর্মের একটি চায়ের দোকানের কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করা হয় বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে সতর্ক করে।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর কুষ্টিয়ার মজমপুর এলাকায় কৃষক দলের সভাপতি আরিফুর রহমান সুমনকে বাম হাতে ব্যান্ডেজ করা অবস্থায় দেখা যায়। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বার বলেন, বিএনপির অভ্যন্তরীণ বিরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে গিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার কোনো আলামত পাওয়া যায়নি এবং দলীয় কার্যালয় বন্ধ ছিল।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedhakadiary.com

