Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

ভারতে ইফতারে মুরগির মাংস খাওয়ার ‘অভিযোগে’ ১৪ মুসলিম গ্রেপ্তার

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ভারতের বারাণসীতে গঙ্গা নদীতে নৌকায় ইফতার করার সময় মাংস ভক্ষণ এবং উচ্ছিষ্ট নদীতে ফেলার অভিযোগে ১৪ জন মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গঙ্গার বুকে চলন্ত নৌকায় একদল যুবক চিকেন বিরিয়ানি দিয়ে ইফতার করছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বারাণসী পুলিশ কমিশনারেট। পরে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়। অন্যদের খুঁজতে তল্লাশি অব্যাহত রয়েছে।

কমিশনারেটের সহকারী পুলিশ কমিশনার বিজয় প্রতাপ সিং জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ২০২৩ এর বিভিন্ন ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে ১৯৭৪ সালের জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনেও মামলা করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, গঙ্গা নদীতে আমিষ বর্জ্য ফেলে এর পবিত্রতা ও পরিবেশের ক্ষতি করা হয়েছে।

এ ঘটনায় অভিযোগকারী রজত জয়সওয়াল দাবি করেন, একটি মন্দিরের সামনে এমন কাজ সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত দিয়েছে। ভিডিও প্রমাণসহ প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অন্যদিকে আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ-এর যুগ্ম সম্পাদক এস এম ইয়াসিন ঘটনাটির সমালোচনা করলেও আইনি পদক্ষেপের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, ইফতার কোনো বিনোদনমূলক আয়োজন নয় এবং নদীতে এভাবে আয়োজন ইসলাম সমর্থন করে না। তবে যেভাবে মামলা করা হয়েছে, তা মুসলিমদের লক্ষ্য করে হয়রানির আশঙ্কা তৈরি করছে।

বর্তমানে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বারাণসীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedeltalens.com

Back to top button